১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ ম্যাচে ৪ সেঞ্চুরি, ভারতীয় ক্রিকেটারের ব্যাটে রানের প্লাবন

লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় দেবদূত পাডিক্কালের।

৫ ম্যাচে ৪ সেঞ্চুরি, ভারতীয় ক্রিকেটারের ব্যাটে রানের প্লাবন
সেঞ্চুরির পর দেবদূত পাডিক্কাল। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

সেঞ্চুরি যেন মামুলি ব্যাপার হয়ে উঠেছে দেবদূত পাডিক্কালের জন্য। ২২ গজে নামলেই বইয়ে দিচ্ছেন রানের জোয়ার। সবশেষ ম্যাচেও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে শনিবার কার্নাটাকার হয়ে ১০৮ রান করেন পাডিক্কাল। ত্রিপুরার বিপক্ষে ১২০ বলের ইনিংসটি ৩ ছক্কা ও ৮ চারে সাজান বাঁহাতি ওপেনার।

এই প্রতিযোগিতার চলতি আসরে এনিয়ে পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করলেন পাডিক্কাল। সব মিলিয়ে, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৮ ম্যাচে ১৩ বার শতকের স্বাদ পেলেন তিনি, সঙ্গে ফিফটি আছে ১২টি। এই সংস্করণের পঞ্চাশ ছোঁয়া সবগুলো ইনিংসই খেলেছেন তিনি ভিজায় হাজারে ট্রফিতে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৩.৩৮ গড়ে দুই হাজার ৫৮৫ রান করেছেন পাডিক্কাল। এই সংস্করণে অন্তত দুই হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় তার।

ঝাড়খান্ডের বিপক্ষে ১৪৭ রানের ইনিংস খেলে এবারের ভিজায় হাজারে ট্রফিতে পথচলা শুরু করে পাডিক্কাল। পরের ম্যাচে কেরালার বিপক্ষে করেন তিনি ১২৪ রান।

তামিল নাড়ু ম্যাচে ভালো করতে পারেননি ২৫ বছর বয়সী পাডিক্কাল। আউট হয়ে যান স্রেফ ২২ রানে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি। গত বুধবার পরের ম্যাচেই খেলেন ১১৩ রানের ইনিংস। এবার দেখা পেলেন আরেকটি সেঞ্চুরির।

আহেমদাবাদে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কার্নাটাকা। ৬ রানের মধ্যে অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ও কারুন নায়ারকে হারায় তারা। রাভিচান্দ্রান স্মারানকে নিয়ে দলের হাল ধরেন পাডিক্কাল।

তাদের জুটিতে আসে ১৩৬ রান। ৮ চারে ৮২ বলে ৬০ রান করে বিদায় নেন স্মারান। ফিফটি ছুঁয়ে নিজের ইনিংসকে আরও এগিয়ে নেন পাডিক্কাল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৬ বলে তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন তিনি।

আভিনাভ মানোহার খেলেন ৪৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস। শ্রেয়াস গোপালের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৯ রানের ক্যামিও। শেষ পর্যন্ত ৭ উইকেট ৩৩২ রান তুলতে পারে কার্নাটাকা।

রান তাড়ায় ত্রিপুরার হয়ে সেঞ্চুরি করেন স্বপ্নিল সিং, ৯৩ বলে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তিনি। রাজাত দে করেন ৬৬ রান। কিন্তু তাতে লাভ হয়নি। অন্যদের ব্যর্থতায় ৮০ রানে হেরে যায় ত্রিপুরা।

এদিনই নিউ জিল্যান্ড সিরিজের ওয়ানডে দল ঘোষণা করে ভারত। ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও পাডিক্কালকে রাখেনি তারা। ঘরোয়া ক্রিকেটে এই সংস্করণে রানের স্রোত বইয়ে দিলেও এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি পাডিক্কালের। দেশের জার্সিতে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।