৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ভারত ম্যাচ বয়কট: পিসিবিকে সতর্ক করল আইসিসি

এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে পিসিবিকে মনে করিয়ে দিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 02:07 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে পিসিবিকে মনে করিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। তাদের আশা, ক্রিকেটের স্বার্থে পিসিবি এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে। 

পাকিস্তান সরকার রোববার সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

এর ঘন্টা তিনেক পর আইসিসি এক বিবৃতি বলেছে, এই বিষয়ে এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

“২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু ম্যাচে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান সরকার যে অবস্থানের কথা জানিয়েছে, তা আইসিসির নজরে এসেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে জানার অপেক্ষায় আইসিসি। তবে নির্দিষ্ট ম্যাচে অংশগ্রহণের এই ধারণা একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যেখানে সূচি অনুযায়ী সব দল সমান শর্তে লড়াই করবে বলে আশা করা হচ্ছে।”

আইসিসি বলেছে, তাদের টুর্নামেন্টগুলো ক্রীড়াসুলভ সততা, প্রতিযোগিতামূলক মনোভাব, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠেছে। তাই শুধু নির্দিষ্ট ম্যাচে অংশগ্রহণ এসব প্রতিযোগিতার চেতনা ও শুদ্ধতাকে ক্ষুণ্ন করে।

আইসিসি জানিয়েছে, তারা রাষ্ট্রীয় নীতির বিষয়ে সরকারের ভূমিকাকে সম্মান জানায়। তবে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী খেলার স্বার্থে বা বিশ্বব্যাপী ভক্তদের ভালোর জন্য নয় বলে মনে করছে তারা।

“আইসিসি আশা করছে, পিসিবি নিজ দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে। কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে, যার অংশীদার ও সুবিধাভোগী পিসিবি নিজেও।”

“আইসিসির অগ্রাধিকার হলো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা, যা পিসিবিসহ সকল সদস্যের দায়িত্ব হওয়া উচিত। আশা করা হচ্ছে যে, পিসিবি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সকল অংশীদারের স্বার্থ রক্ষা করবে।”

রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ আছে এক যুগের বেশি সময় ধরে। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় প্রতিবেশী এই দুই দেশের লড়াই। গত বছর এশিয়া কাপে ভারত অধিনায়ক ও তাদের ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে, এ নিয়ে ছড়ায় তুমুল বিতর্ক। 

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কোনো কারণ যদিও উল্লেখ করেনি পাকিস্তান সরকার। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তখনই তিনি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তান দলের খেলা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

সেই সিদ্ধান্তই জানানো হয় রোববার।