চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শক্তির জায়গাই ভাবাচ্ছে প্রধান নির্বাচককে
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বোলিং বিভাগের নাজুক পারফরম্যান্সে কিছুটা চিন্তিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
প্রথম ম্যাচে ২৯৪ রান করেও মেলেনি জয়। এক ম্যাচ পর ৩২১ রানের পুঁজিও যথেষ্ট হয়নি বোলারদের ব্যর্থতায়। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং পারফরম্যান্স কিছুটা চিন্তার ভাজ ফেলেছে প্রধান নির্বাচকের কপালে। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং বিভাগের চ্যালেঞ্জ নিয়েও ভাবছেন গাজী আশরাফ হোসেন।
গত কয়েক বছর ধরেই ব্যাটিংয়ে ঠিক স্থিতিশীলতা পাচ্ছে না বাংলাদেশ। তবে পেস বিভাগের উত্থানে বোলারদের হাত ধরে তিন সংস্করণেই মিলছে সাফল্য। কিন্তু গত মাসে ক্যারিবিয়ান সফরে ব্যাটিংবান্ধব উইকেট-কন্ডিশনে বোলারদের পারফরম্যান্স নিয়ে তাই কিছুটা দুর্ভাবনায় জাতীয় দলের প্রধান নির্বাচক।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করেও ১৪ বল বাকি থাকতেই হেরে গেছে বাংলাদেশ। ওই মাঠে তখন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এক ম্যাচ পর ওই রেকর্ড নতুন করে লিখে ৩২১ রান তাড়া করে জেতে স্বাগতিকরা। অভিষিক্ত আমির জাঙ্গুর বিধ্বংসী সেঞ্চুরিতে ২৫ বল বাকি থাকতেই সেদিন জিতে যায় তারা।
রান আটকানোর ব্যর্থতা অবশ্য গত দুই বছর ধরেই ভোগাচ্ছে বাংলাদেশকে। ২০২৩ সালের শুরু থেকে ২৩ ম্যাচে আগে ব্যাটিং করে মাত্র ৬টি জিততে পেরেছে তারা। ফল আসেনি ২ ম্যাচে আর হেরে গেছে বাকি ১৫টি। এর মধ্যে আগে ব্যাট করা সবশেষ ১০ ম্যাচের ৫টিতে ২৮০ পেরিয়েও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
এমনিতে বোলিং নিয়ে আশা দেখলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই এই বিভাগ নিয়েও নির্ভার হতে পারছেন না গাজী আশরাফ। টুর্নামেন্টের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বোলারদের কঠিন চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেন তিনি।
“টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নজর থাকবে আমাদের বোলিংয়ের যে শক্তির জায়গাটা আছে, সেটা নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজে আমরা রান ডিফেন্ড করতে পারিনি। একইরকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতেও আছে।”
“তাই আমরা এই বিষয়ে খুবই মনোযোগী, যদি এমন কোনো রান আমাদের তাড়া করতে হয় বা প্রতিপক্ষকে আটকাতে হয়। ব্যাটিং তো সবসময়ই থাকে, এই টুর্নামেন্টে বোলিং বিভাগও কঠিন চ্যালেঞ্জের সামনে থাকবে।”
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বাকি দুই ম্যাচ খেলতে তারা চলে যাবে রাওয়ালপিন্ডিতে। ‘এ’ গ্রুপের অন্য দুই ম্যাচে ২৪ ফেব্রুয়ারি স্বাগতিকদের পাকিস্তান ও ২৭ তারিখ নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
২০১৮ সালের এশিয়া কাপের তিন ম্যাচ ছাড়া দুবাইয়ের মাঠে ওয়ানডে খেলেনি বাংলাদেশ। ওই মাঠে ভারতের বিপক্ষে খেলা দুই ম্যাচেই হেরেছে তারা। অন্য দিকে দুবাইয়ে ছয় ম্যাচের পাঁচটিই জিতেছে ভারত। টাই হয়েছে তাদের অন্য ম্যাচ। এছাড়া টি-টোয়েন্টি ও আইপিএল মিলিয়ে বাংলাদেশের চেয়ে ভারতীয় ক্রিকেটারদের কাছেই অধিক পরিচিত দুবাইয়ের মাঠ।
পরের দুই ম্যাচের মাঠ রাওয়ালপিন্ডিতে ২০০৩ সালে একমাত্র ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তবে গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। ভিন্ন সংস্করণ হলেও সেই সাফল্য থেকে অনুপ্রেরণা পেতেই পারে নাজমুল হোসেন শান্তর দল।
তবে সাম্প্রতিক সময়ে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে খেলারই অভিজ্ঞতা আছে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের। তাই ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরীক্ষা খুব কঠিন মনে করেন প্রধান নির্বাচক।
“আশা নিয়েই তো যেতে হবে। প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে। মাঠে ব্যাটে-বলে আশার প্রতিফলন ঘটাতে হবে। প্রতিপক্ষ কেউই ফেলনা নয়। ২০২৩ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ড, দুই দলই ওয়ানডে খেলায় তারা কিন্তু কিছুটা এগিয়ে আছে ম্যাচের অভিজ্ঞতা, ওই মাঠের উইকেট, রান তাড়া এসব বিষয়ে।”
“আমাদের কাজটা অনেক দুরূহ। আমাদের তিন প্রতিপক্ষ- এক দল (পাকিস্তান) নিজেদের ঘরের মাঠে খেলবে। আর দুবাইয়ের সঙ্গে ভারত খুব পরিচিত। তাই এটা অত্যন্ত প্রশংসনীয় অর্জন হবে যদি আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দল আছে, আমি বিশ্বাস করি।”
