বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা ‘টেস্ট’
আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ের এক নম্বর দলের মুখোমুখি হবে নয় নম্বর দল; লড়াইটা কেমন হতে পারে সহজেই অনুমেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে; তবুও স্বাগতিকরা দেখছে লড়াই করার স্বপ্ন, যার জ্বালানি ওয়ানডে সিরিজের অনন্য জয়।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু সকাল সাড়ে নয়টায়।
টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে বেশিরভাগ সময় কাভার দিয়ে ঢাকা ছিল সেন্টার উইকেট। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ভাষায় উইকেট ৭০-৮০ শতাংশ প্রস্তুত হয়েছে। রোদ না পাওয়া এই উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে রয়েছে সংশয়। তাই চিরচেনা কন্ডিশনেও কম্বিনেশন ঠিক করতে মাথা ঘামাতে হচ্ছে স্বাগতিকদের।
টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। আর এই সংস্করণে এই মুহূর্তে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। তাদের বিপক্ষে সাফল্য পেলে ভালো পুরস্কার পাবে ৪১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশ। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমবে মুশফিকদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট টেস্ট খেলে সাতটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। অন্য ম্যাচটিতে লিড নিয়েও চার দিনের মধ্যে পাঁচ উইকেটে হারে তারা। সেই বিবর্ণ রেকর্ড একটু ভালো করার সুবর্ণ সুযোগ সামনে দেখছেন অধিনায়ক।
খেলোয়াড়দের ছন্দে থাকাটাই ভরসা যোগাচ্ছে মুশফিককে। তামিম ইকবাল-ইমরুল কায়েসের উদ্বোধনী জুটি দারুণ ছন্দে আছে; দুজনেই বড় ইনিংস খেলছেন। অভিষেকের পর থেকে আলো ছড়াচ্ছেন মুমিনুল হক। এই বাঁহাতি ব্যাটসম্যানের ওপরও অনেকখানি নির্ভর করছেন অধিনায়ক।
বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মুশফিক স্বীকার করেছেন, অতিথিদের পেস ত্রয়ীকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বাগতিকদের জন্য। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার ডেল স্টেইন তো আছেনই; ভার্নন ফিল্যান্ডার ও মর্নে মরকেল গুঁড়িয়ে দিতে পারেন বিশ্বের সেরা কোনো ব্যাটিং লাইনআপকেও।
ওয়ানডের চেয়ে টেস্টে বেশি ভয়ঙ্কর মরকেল। সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো না করলেও ফিল্যান্ডার যে কোনো সময়ে ফিরতে পারেন স্বরূপে। দুই স্পিনার সাইমন হারমার ও অ্যারন ফাঙ্গিসোর যে কেউ খেলতে পারেন প্রথম টেস্টে।
স্টেইন-মরকেল-ফিল্যান্ডার ত্রয়ীর বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। বিরূপ আবহাওয়াও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের। টস হেরে শুরুতে অতিথিদের পেসত্রয়ীকে সামলাতে হলে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করতে হবে তামিম-ইমরুল-মুমিনুলদের।
উইকেট থেকে কোনো সহায়তা না পেলেও আগুন ঝরানো স্পেল করতে পারেন স্টেইন-মরকেল। সেখানে সহায়ক কন্ডিশন পেলে কি করতে পারেন তা সহজেই অনুমেয়।
বাংলাদেশের শেষ তিন টেস্টে তিনবার নিজের বোলারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন অধিনায়ক মুশফিক। বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন তিনি। একজন ব্যাটসম্যান ব্যক্তিগতভাবে যতটা পরিশ্রম করেন, ততটা একজন বোলার করেন কিনা-এমন প্রশ্ন তুলতেও বাদ রাখেননি তিনি।
টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেকে নজরকাড়া মুস্তাফিজের অভিষেক হয়ে যেতে পারে চট্টগ্রামে। দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন রুবেল।
বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণের সেরা অস্ত্র সাকিব। এই বাঁহাতি স্পিনারের ওপর অনেকখানি নির্ভর করেন অধিনায়ক। বাঁহাতি তাইজুল ইসলাম আর লেগ স্পিনার জুবায়ের হোসেনকে পাশে পেতে পারেন সাকিব।
সাত ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে খেলতে পারে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হাশিম আমলা, জেপি দুমিনি ও ফাফ দু প্লেসি ছাড়া বাকি চার ব্যাটসম্যানের খুব একটা টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে ডিন এলগার, রিজা হেনড্রিকস, স্টিয়ান ফন জিল, কুইন্টন ডি ককদেরও বড় ইনিংস খেলার সামর্থ্য আছে।
চট্টগ্রাম টেস্টে রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ অবশ্য আস্থা রাখছে নিজের সামর্থ্যের ওপর। প্রথম ওয়ানডেতে হারের পর শেষ দুটিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই আত্মবিশ্বাসই আমলাদের বিপক্ষে মুশফিকের দলের পরিসংখ্যানের বিশাল পার্থক্যটা কমিয়ে দিচ্ছে।
