‘প্রতিপক্ষ বিচার করে খেলে না দক্ষিণ আফ্রিকা’
একটি আদর্শ পেশাদার দলের যেমন হওয়ার কথা, ঠিক তেমনই দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ যেই হোক সব সময় ব্যস্ত নিজেদের খেলাটা নিয়ে। সেরাটা দেওয়ার এই বিরামহীন প্রচেষ্টা থেকেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে প্রোটিয়ারা।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর আগে ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সহসা দুই নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
৪১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদশের মুখোমুখি হওয়ার আগে নিজেদের সেরা প্রস্তুতিই নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিকদের বিপক্ষে টেস্টে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে প্রোটিয়াদের। আটটির মধ্যে সাতটি জয়ই এসেছে ইনিংস ব্যবধানে, তবে আমলাদের ভাবনাতেও নেই সেসব।
নিজেদের মাঠে বাংলাদেশ কেমন খেলবে তা নিয়ে তারা খুব একটা ভাবছেন জানিয়ে আমলা বলেন, “দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভালো করার একটা বড় কারণ, আমরা প্রতিপক্ষ বিচার করে খেলি না, নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করি। সেটা করতে পারলে আমার মনে হয়, ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।”
মৌলিক কাজগুলো ঠিকঠাক করা আর প্রক্রিয়া ঠিক রাখা- দক্ষিণ আফ্রিকার সাফল্যের মূল মন্ত্র। দ্বি-পাক্ষিক সিরিজে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের একটি। সীমিত ওভারের সিরিজের সময় এই উপলব্ধির কথা জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
ওয়ানডের চেয়ে টেস্টেই বেশি ভয়ঙ্কর দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিসদের অবসরের পর একটি পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। তবে অভিজ্ঞতার কোনো ঘাটতি দেখেন না অধিনায়ক আমলা।
“আমরা গত কয়েক বছর ধরে বেশ ভালো টেস্ট খেলছি। এখন তো দলে নতুন অনেকে এসেছে। তবে আমাদের অভিজ্ঞ অনেকেই আছে। কয়েক বছর ধরে একসঙ্গে খেলতে পারলে আমরা একটা দল হিসেবে দাঁড়াতে পারব।”
