২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বার টানা চার বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার তারা জিতল টানা চারটি ওয়ানডে সিরিজ!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 12:40 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

একটা সময় একটা সিরিজ জয়ের জন্য চাতকের মতো অপেক্ষা করতে হতো বাংলাদেশকে। সেই বাংলাদেশ এখন জিতে চলেছে সিরিজের পর সিরিজ! বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা চার দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবারের মতো চারটি ভিন্ন দেশের বিপক্ষে জিতল বাংলাদেশ।

গত নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে ৫ ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ করে শুরু সাফল্য ধারার। বিশ্বকাপের পর সেই সাফল্য স্রোতে মিশেছে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারতকে সিরিজে হারানো এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয়।

টানা চার সিরিজ জয় বাংলাদেশ প্রথম পেয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। কেনিয়ায় জিতেছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে। এরপর দেশের মটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়। স্কটল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়েতে গিয়ে ৩-১-এ জিতেছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের পর ভারতের কাছে হেরে ছেদ পড়ে সেই ধারায়।

টানা চার সিরিজ জয়ের স্বাদ আরেকবার মিলেছিল ২০০৯ সালে। দেশের মাটিতে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খর্বশক্তির দলের বিপক্ষে জয় ৩-০তে। এরপর জিম্বাবুয়েতে গিয়ে ও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই সিরিজ জয়ই ৪-১ ব্যবধানে। সেবার জয়ের ধারা থেমেছিল নিউ জিল্যান্ডে গিয়ে ৩ ম্যাচেই হেরে।

এরপর এবার আবার টানা চার সিরিজ জয়ের স্বাদ। পরিসংখ্যান বলছে, টানা চার সিরিজ জয় তৃতীয়বার। তবে দলগুলির নামই বলে দিচ্ছে আগের জয়গুলির সঙ্গে এবারের জয় কতটা আলাদা, কতটা এগিয়ে।

এবারের টানা চার সিরিজ জয় আসলে বাংলাদেশের ইতিহাসেরই সেরা সাফল্য।

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের