২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরেরা-চান্দিমালের ব্যাটে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

কুশল পেরেরা অসাধারণ শুরু এনে দিয়েছেন। আর দিনেশ চান্দিমাল সেই শুরুর সুন্দর শেষ করেছেন। এ দুজনের ভালো ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 07:36 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

বুধবার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়টি ২ উইকেটে।

পাকিস্তানের দেওয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন পেরেরা। মাত্র ১৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতক।

১৭ বলে ৫১ রান করে অর্ধশতক পূর্ণ করার পথে ১১টি চার ও একটি ছয় মারেন পেরেরা। ১৩টি চার ও দুটি ছয়ে ২৫ বলে ৬৮ রান করে আউট হন তিনি।

মাঝখানে শ্রীলঙ্কার বেশ কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু অপরাজিত ৪৮ রানের একটি ইনিংস খেলে স্বাগতিকদের জয় এনে দেন ছয় নম্বরে ব্যাট করতে নামা চান্দিমাল।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাস্ট বোলার রাহাত আলি। দুটি উইকেট পান অফ স্পিনার মোহাম্মদ হাফিজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৭ রান তোলে সফরকারী পাকিস্তান।

আজহার আলি ও আহমেদ শেহজাদের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ৯৬ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান।

অধিনায়ক আজহারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে আউট হন শেহজাদ। ৪৩ বলে ৪টি চারে ৩০ রান করেন তিনি। এরপর ফিরে যান আগের ম্যাচে শতক করা মোহাম্মদ হাফিজ ও বাবর আজম।

এরপরও পাকিস্তান তিনশর কাছাকাছি রান করতে পারে আজহার, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের তিনটি অর্ধশতকে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন আজহার। ১০৬ বলের ইনিংসটিতে ৬টি চার মারেন তিনি।

দুটি চার ও তিনটি ছয়ে ৫১ বলে ৫১ রান করেন মালিক। আর ৫টি চার ও একটি ছয় সমৃদ্ধ ৫২ রানের ইনিংসটি ৩৮ বলে খেলেন রিজওয়ান।

শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও অভিষিক্ত সাচিথ পাথিরানা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান।  

সিরিজের পরের ম্যাচটি হবে আগামী রোববার কলম্বোতে।