দলের মানসিকতায় উচ্ছ্বসিত প্রধান নির্বাচক
দু:সময়কে চেপে বসতে না দিয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তাতে মুগ্ধ ফারুক আহমেদ। দলের হার না মানার মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা প্রধান নির্বাচকের কণ্ঠে।
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত টানা চারটি আন্তর্জাতিক ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে হেরেছিল, তাতে শঙ্কা জেগেছিল অনেকের মনেই। লড়াই করতেই পারছিল না বাংলাদেশ।
কিন্তু রোববার দ্বিতীয় ওয়ানডেতে সব শঙ্কা উড়িয়ে দাপটের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার দল হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের সামনে এখন দেশের মাটিতে টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন নিজের মুগ্ধতার কথা।
“দল যেভাবে ঘুরে দাঁড়াল, সেটা সত্যিই অসাধারণ। ছেলেরা দারুণ খেলেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মতো দলকে যেভাবে সব বিভাগে পর্যুদস্ত করে যতটা দাপটে জিতেছে, এতেই ফুটে উঠেছে এই দলটির চরিত্র। এই দলের মানসিকতা অন্যরকম।”
প্রধান নির্বাচকের মতে, দলের এগিয়ে যাওয়ার বড় প্রমাণও এটি।
“বড় দল বা ভালো দলগুলি কি করে, যখন দু:সময় আসে, তখন দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দেয়ালে পিঠ ঠেকার পর ঘুরে দাঁড়াতে পারা মানে দলের মানসিক শক্তি দারুণ। এই দলটাও ঠিক এই কাজটিই করেছে। আশা করি সিরিজও জিতবে ছেলেরা।”
