চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে পারেননি শুভাগত
প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেই টেস্ট দলে জায়গা হারিয়েছেন শুভাগত হোম চৌধুরী। বিশেষ করে বল হাতে শুভাগতর পারফরম্যান্সে হতাশ নির্বাচকেরা, জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ ছিলেন শুভাগত। ওয়েস্ট ইন্ডিজে অভিষেক থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের ৮ টেস্টের ৭টিই খেলেছেন তিনি। কিন্ত পারফরম্যান্স ভীষণ বিবর্ণ। ৭ টেস্টে উইকেট পেয়েছেন মাত্র ৮টি। ব্যাট হাতে অর্ধশতক মাত্র ১টি, ২১.৩০ গড়ে রান করেছেন ২১৩।
অনুজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি বারবার বিতর্ক হয়েছে দলে শুভাগতর ভূমিকা নিয়েও। কখনও তাকে বলা হয়েছে ব্যাটসম্যান, কখনও বোলার, কখনও বা অলরাউন্ডার। বরাবরই যিনি পরিচিত ছিলেন মূলত ব্যাটসম্যান হিসেবে, সেই শুভাগতকে একসময় নির্বাচকেরা ঘোষণা করেছিলেন দেশের সেরা অফ স্পিনার।
টানা বাজে পারফরম্যান্সে এবার নির্বাচকদের ধৈর্যের বাধও ভেঙে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বললেন সেই কথাই।
একের পর এক ব্যর্থতার পরও শুভাগতকে টানা খেলিয়ে যাওয়ায় সমালোচনা কম হয়নি। সেটির ব্যাখ্যাও দিলেন ফারুক।
“আসলে আমাদের নীতি হলো কাউকে দলে সুযোগ দিলে নিজেকে প্রমাণের সর্বোচ্চ সুযোগও তাকে দেওয়া। এজন্য ওকে আমরা ৭টি টেস্ট খেলিয়েছি। কিন্তু ৭ টেস্টে ৮ উইকেট আসলে সন্তোষজনক নয়।”
“নাসির গত কিছুদিনে দারুণ বোলিং করেছে। মূল বোলারের মতোই বোলিং করছে। হয়তো টার্ন বেশি নেই ওর, তবে খুবই স্মার্ট ক্রিকেটার। দারুণ চতুর বোলার। ব্যাটসম্যানকে পড়ে মাথা খাটিয়ে বুদ্ধিমত্তার সাথে বল করতে পারে। সঙ্গে মাহমুদউল্লাহ চোট কাটিয়ে ফিরেছে। আগেও সে অনেক ভালো বোলিং করেছে। ওদের ওপরই আস্থা রাখছি আমরা।”
