২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহ ফেরায় মাশরাফির স্বস্তি

চোট কাটিয়ে মাহমুদউল্লাহ দলে ফেরায় স্বস্তির কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে ছন্দে ফেরাতে প্রয়োজনে সময় দিতেও আপত্তি নেই বাংলাদেশ অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 07:34 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

গত ৪ জুন ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পে আঙুলে চোট পেয়ে ছিটকে যান মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে খেলতে পারেননি টেস্ট-ওয়ানডে কোনোটিই। গত ২৫ জুন খোলা হয় তার আঙুলের ব্যান্ডেজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুতই ফেরেন মাঠে। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দলে।

ভারত সিরিজের সময়ও মাহমুদউল্লাহকে না পেয়ে আক্ষেপ ছিল মাশরাফির কণ্ঠে। বৃহস্পতিবার সিরিজ পূ্র্ব সংবাদ সম্মেলনে তার কণ্ঠে স্বস্তির সুর।

“মাহমুদউল্লাহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, অনেক দিন থেকেই পারফর্ম করছে। ওকে ফিরে পাওয়ায় দলের জন্য খুব ভালো হয়েছে”।

ছন্দে ফিরতে প্রয়োজনে মাহমুদউল্লাহকে সময় দেওয়ার কথাও জানালেন অধিনায়ক।

“এক-দেড় মাস খেলার বাইরে ছিল। চোট কাটিয়ে ফিরলে অনেক সময়ই নিজেকে ফিরে পেতে কিছুটা সময় লাগে। সেটা সবাইকে মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত, তারপরও সে শতভাগ দেওয়ার চেষ্টা করবে।”