২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের বাংলাদেশকে সমীহ আমলার

টি-টোয়েন্টি সিরিজে সহজ জয়ের পরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক হাশিম আমলা।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 07:31 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সহজেই ২-০ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন ওয়ানডের বাংলাদেশ দলের প্রতি সমীহ থাকার কথা জানান আমলা।
 
“গত কয়েক মাস ধরে ওরা ভালো করছে। আমার মনে হয়, টি-টোয়েন্টির চেয়ে ওদের ওয়ানডে রেকর্ড অনেক ভালো। তাই আমরা বাংলাদেশকে তাদের প্রাপ্য সম্মান দেব।” 
 
দেশের মাটিতে শেষ তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সময়ে ১১টি ওয়ানডে খেলে মাত্র একটিতে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। এর প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 
 
বছরের শুরুতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা বাংলাদেশ নিজেদের শেষ দুটি সিরিজে পাকিস্তানকে ৩-০ ও ভারতকে ২-১ ব্যবধানে হারায়। আমলা জানান, ব্যক্তিগতভাবে তিনি এই দুটি সিরিজ দেখেননি কিন্তু বাংলাদেশ যে গত কয়েকটি সিরিজ জিতেছে তা জানা আছে। 
 
“খুব ভালো ক্রিকেট খেলে ওরা কয়েকটি সিরিজ জিতেছে। এমন একটি দলকে তাদের প্রাপ্য সম্মান জানাবে দক্ষিণ আফ্রিকা।”