২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের উড়িয়ে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয়

ওয়ানডে সিরিজ জেতা ইংল্যান্ড একমাত্র টি-টোয়েন্টিতেও সফরকারী নিউ জিল্যান্ডকে ৫৬ রানে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 10:22 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়তে জো রুট খেলেন ৬৮ রানের চমৎকার ইনিংস। সঙ্গে জ্যাসন রয়, অ্যালেক্স হ্যালস আর বেন স্ট্রোকের ছোটো কিন্তু কার্যকরী ইনিংসে সাত উইকেট হারিয়ে ১৯১ রান তোলে স্বাগতিকরা।

জবাবে ১৫ বলে ৩৫ রান তুলে নিউ জিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। আট ওভারে তাদের সংগ্রহ ছিল ৮২ রান।

কিন্তু এরপর ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। আর এর পরে এর চেয়েও বড় ধসে (৪ রানে ৫ উইকেট) ১৬ ওভার ২ বলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। কেন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৫৭ রান।

নিউ জিল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন অভিষিক্ত ২ পেসার। মার্ক উড ২৬ রানে নেন ৩ উইকেট। ডেভিড উইলি ৩ উইকেট নেন ২২ রান দিয়ে।