ভারতের ড্রেসিংরুমে ঝামেলা!
ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত কোচরা দেশটির টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলেছে, যা থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশ সফরে থাকা দলের ড্রেসিংরুমের পরিস্থিতি ভালো নয়।
ধোনির কোচ চঞ্চল ভট্টাচার্য আইবিএন টিভিকে এক সাক্ষাৎকারে জানান, ভারতীয় অধিনায়ক ‘স্নায়বিক চাপে’ আছেন।
“ড্রেসিংরুমের পরিবেশ তাকে চিন্তায় ফেলেছে, সে খেলায় মনোযোগ দিতে পারছে না।”
ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কোহলির কোচ রাজকুমার শর্মা ইন্ডিয়া টুডে চ্যানেলকে বলেন, রোববার বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হার ভারতের ক্রিকেটের জন্য সবচেয়ে লজ্জার ঘটনা।
“এটাকে ভারতের ক্রিকেটের ব্ল্যাক সানডে বলতে আমার কোনো দ্বিধা নেই।”
রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও ধোনি আভাস দিয়েছিলেন, সব কিছু ভালো যাচ্ছে না।
“আমি আমার ক্রিকেট উপভোগ করছি। যদি আমাকে সরিয়ে দিলে ভারতের ক্রিকেট ভালো হয়, যদি ভারতের ক্রিকেটে খারাপ যা হচ্ছে তার কারণ আমি হয়ে থাকি, অবশ্যই আমি সরে দাঁড়িয়ে একজন খেলোয়াড় হিসেবে খেলে যাব।”
ধোনি জানান, নেতৃত্ব ধরে রাখার কোনো ইচ্ছে তার নেই। বোর্ড চাইলেই সরে যাবেন তিনি।
“শেষ কথা হচ্ছে ভারত জিতুক, অধিনায়ক কে তা কোনো ব্যাপার নয়। অধিনায়কত্ব আমার কাছে একটা কাজ, একটা দায়িত্ব। এটা আমাকে দেওয়া হয়েছে। যদি তারা (বিসিসিআই) এটা নিয়ে নিতে চায় আমি খুশি হয়ে দিয়ে দেব।”
