ভারতকে মাশরাফির খোঁচা
এক ম্যাচ জিতে দুই লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। নিয়মরক্ষার তৃতীয় ওয়ানডের আগে তাই কোনো চাপ নেই স্বাগতিকদের ওপর। সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠলে আগের দিন রোহিত শর্মার বলা ‘বাংলাদেশের হারানোর কিছু নেই’ কথাটা মনে করিয়ে দিয়ে মাশরাফি বিন মুর্তজা নির্ভার থাকার কথাই বলেছেন।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত করার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটাও নিশ্চিত হয় মাশরাফিদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মাশরাফির কাছে জানতে চাওয়া হয় তৃতীয় ওয়ানডেতে কতটা চাপে থাকবে বাংলাদেশ। অধিনায়ক তখন আগের দিনের সংবাদ সম্মেলনে ভারতের ক্রিকেটারের মন্তব্যের কথা মনে করিয়ে দেন।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত বলেন, “বাংলাদেশের হারানোর কিছু নেই, সব হারানোর শঙ্কা আছে আমাদের। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।”
মাশরাফি জানান, ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের আগে কোনো চাপ নেই তাদের ওপর।
“শুরুর আগে তো কেউ বলেনি, দুই ম্যাচ শেষে আমরা ২-০ ব্যবধানে এগিয়ে থাকব। সুতরাং আমাদের ওপর কোনো চাপ নাই। সেটা কাল ভারতের ক্রিকেটাররাও বলেছে, আমাদের হারানোর কিছু নাই।”
বুধবার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অধিনায়ক জানান, এই ম্যাচ উপভোগ করতে চান তারা।
“যেভাবে খেলেছি সেভাবে যদি ভালো খেলি, ফল আমাদের পক্ষে আসতে পারে। এতকিছু নিয়ে আমরা ভাবছি না। সবাই ‘রিকভারি’ করে পরের ম্যাচের জন্য ফিট থাকব। পরের ম্যাচে আমরা ভালো খেলতে চাই।”
