চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা জোরালো করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে গুঁড়িয়ে সিরিজ জয়সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকেটও পেয়ে গেল মাশরাফি বিন মুর্তজার দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৯ রানের বড় ব্যবধানে জিতেছিল তামিম-সাকিবরা।
ধোনিদের বিপক্ষে গত বৃহস্পতিবার জয়ের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরে খেলার জন্য বাংলাদেশের সামনে সমীকরণটা ছিল মোটামুটি সহজ। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ এবং আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-এই ৫ ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকেট মিলত মাশরাফিদের। বোলারদের দাপটের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সে লক্ষ্য অনেক আগেই পূরণ করল বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩০৭ রানের লড়াকু ইনিংস গড়ে বাংলাদেশ। পরে বোলারদের নৈপুণ্যে মহেন্দ্র সিং ধোনির দলকে ২২৮ রানে বেধে ফেলে সহজ জয় নিশ্চিত করে টাইগাররা।
প্রথম ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে সপ্তম স্থানে ওঠা নিশ্চিত হয় বাংলাদেশের (৯১ পয়েন্ট)। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাশরাফির দলের রেটিং পয়েন্ট ছিল ৮৮। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও ছিল ৮৮, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সপ্তম স্থানে ছিল ক্যারিবীয়রা।
ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে।
এই সিরিজের পর বাংলাদেশ ওয়ানডে খেলবে র্যাঙ্কিংয়ের চারে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
