‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় অর্জন’
ভারতের বিপক্ষে সিরিজ জয়কে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, প্রথম দুই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সে চমকে গেছেন তারা নিজেরাও।
গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, ফাইনাল খেলেছে ২০১২ এশিয়া কাপে, ২০১০ ও ২০১৩ সালে দুই দফায় হোয়াইটওয়াশ করেছে নিউ জিল্যান্ডকে, ২০০৭ বিশ্বকাপে খেলেছে সুপার এইট, গত বিশ্বকাপে উঠেছে কোয়ার্টার-ফাইনালে।
ভারত সিরিজের আগে ৩-০ ব্যবধানে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। কিন্তু ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে দুই ম্যাচেই দাপুটের জয়ে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হওয়াটা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন উঠল, এটিই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য কিনা। মাশরাফি অবশ্য সেরা সাফল্য বললেন না। বরং এমন সাফল্যকে নিয়মিত করতে চান বাংলাদেশ ক্রিকেটে।
“অবশ্যই এটি সবচেয়ে বড় অর্জনগুলির একটি। তবে প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। এখনও আমরা উন্নতি করছি। আশা করি, এই ধারা চলতে থাকবে। তবে ভারতের মতো দলের বিপক্ষে, র্যাঙ্কিংয়ে যারা ২ নম্বরে আছে, তাদের হারানো অনেক বড় অর্জন।”
মাশরাফি জানালেন, এভাবে ভারতকে উড়িয়ে দিয়ে সিরিজ জয়ে চমকে গেছেন তারা নিজেরাও।
“সত্যি কথা বললে, আমরাও হয়ত এতটা আশা করিনি যে প্রথম দুই ম্যাচেই এমন পারফরম্যান্স দেখিয়ে জিতে যাব। অবশ্যই জেতার জন্যই মাঠে নামি আমরা, জানতাম সেরা ক্রিকেট খেললে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। কিন্তু ভাগ্য ভালো সবকিছু আমাদের পক্ষে গেছে। ছেলেরা এখন অনেক আত্মবিশ্বাসী।”
