পরের ম্যাচে আরও ভালো চান মুস্তাফিজ!
প্রথম ম্যাচের পারফরম্যান্স যদি হয় বিস্ময়কর, মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স তবে ছাড়িয়ে গেছে বিস্ময়ের সীমানা। ৫ উইকেটের পর ৬ উইকেট, ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। তৃতীয় ম্যাচে মুস্তাফিজ দেখাতে চান আরও ভালো পারফরম্যান্স!
দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সে মুস্তাফিজ প্রমাণ করেছেন, অভিষেকের পারফরম্যান্স নিছক আলো ঝলকানি ছিল না; বরং বাংলাদেশ ক্রিকেটকে নিয়মিত আলোকিত করতেই এসেছেন। মুস্তাফিজের ৪৩ রানে ৬ উইকেটে দ্বিতীয় ম্যাচে মাত্র ২০০ রানে গুটিয়ে গেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ৬ উইকেটের জয়ে বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান জানালেন, পরের ম্যাচে ছাড়িয়ে যেতে চান নিজেকে।
“খুব ভালো লাগছে। সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। পরের ম্যাচে আমি আরও ভালো পারফরম্যান্স দেখাতে চাই।”
