২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিপিং করছেন না মুশফিক

আগের ম্যাচে ৫টি ডিসমিসালে বাংলাদেশের রেকর্ড ছুঁয়েছিলেন মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলছেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। রোববার সিরিজ জয়ের হাতছানির ম্যাচে বাংলাদেশের কিপিং গ্লাভস পরেছেন লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 03:42 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

ম্যাচের আগে অনুশীলনে লিটনের কিপিং অনুশীলন করাতেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে কিপিং করবেন তিনিই। পরে একাদশে মুশফিকের নামের পাশে কিপার লেখা থাকলেও পরে তা কেটে লিটনের নামের পাশে লেখা হয়।

প্রথম ওয়ানডেতে দুটি সহজ ক্যাচ ছেড়েছিলেন মুশফিক। তবে পরে ৫ ক্যাচ নিয়ে ছুঁয়ে ফেলেন খালেদ মাসুদের রেকর্ড।

দ্বিতীয় ম্যাচে মুশফিকের কিপিং না করার আনুষ্ঠানিক কারণ এখনও জানানো হয়নি। ম্যানেজার খালেদ মাহমুদ জানান, কারণ জানানো হবে ম্যাচের পর।

এর আগে আঙুলে চোটের কারণে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে কিপিং করতে পারেননি মুশফিক।

১৫১ ওয়ানডের ক্যারিয়ারে এ ম্যাচ নিয়ে মাত্র দশমবার কিপিং করছেন না মুশফিক। ২০০৬ সালে তার ওয়ানডে অভিষেক হয়েছিল শুধু ব্যাটসম্যান হিসেবেই। এরপর চোটের কারণে ২০১০ সালে আয়ারল্যান্ডে একটি ম্যাচে কিপিং করেননি। আঙুলের চোটের কারণে কিপিং করেননি গত বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরে এশিয়া কাপে।

রেকর্ড বলছে, কিপিংয়ের ভার না থাকলে মুশফিকের ব্যাটিংয়ের ধার বেড়ে যায় অনেক। কিপার হিসেবে খেলা ম্যাচগুলোয় তার ব্যাটিং গড় যেখানে ৩০.১৩; এই ম্যাচের আগে কিপিং না করা ম্যাচগুলোয় ব্যাটিং গড় ৪৮.৫৭! গত এশিয়া কাপে এই ভারতের বিপক্ষেই কিপিং না করে ব্যাট হাতে করেছিলেন দারুণ এক শতক।