ইংল্যান্ডের জয়ে শেষ বাংলাদেশের ছয়ে ওঠার সম্ভাবনা
সিরিজের প্রথমবার মাঠে নেমেই ইংল্যান্ডের জয়ের নায়ক জনি বেয়ারস্টো। এই উইকেটকিপার ব্যাটসম্যানের ৬০ বলে ৮৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংসে নিউ জিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ৫ ম্যাচের সিরিজও ইংলিশরা জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।
ইংল্যান্ডের এই জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে আপাতত আর ছয়ে ওঠা হচ্ছে না বাংলাদেশের। ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৯৮। বাংলাদেশ ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করলে পয়েন্ট হবে ৯৬। তাই ইংল্যান্ডের পেছনে সাত নম্বরেই আপাতত থাকতে হচ্ছে মাশরারাফিদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো করে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ থাকছে। অবশ্য র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে পারলেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ।
‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’, ক্রিকেটের এই চিরন্তন প্রবাদ আরও একবার সত্য প্রমাণিত হয়েছে নিউ জিল্যান্ডের জন্য। ৫৬ রানে বেয়ারস্টোর ক্যাচ ছেড়েছিলেন মিচেল স্যান্টনার। ৩ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের প্রয়োজন ছিল তখন ২৫ বলে ৪১। পরের ১১ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন বেয়ারস্টো। এই ম্যাচে একাদশে তিনি সুযোগ পেয়েছিলেন জস বাটলার চোট পাওয়ায়।
গোটা সিরিজের মতো শনিবার শেষ ম্যাচটিও ছিল দারুণ রোমাঞ্চকর। চেস্টার-লি-স্ট্রিটে নিউ জিল্যান্ড ৫০ ওভারে তুলেছিল ২৮৩। ইনিংস বিরতির বৃষ্টিতে ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারিত হয় ২৬ ওভারে ১৯২। ৪৫ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে স্যাম বিলিংসকে (৩০ বলে ৪১) নিয়ে ৫৭ বলে ৮০ রানের জুটি গড়েন বেয়ারস্টোর। আদিল রশিদকে নিয়ে অবিচ্ছন্ন অষ্টম উইকেটে জুটি ২৯ বলে ৫৪ রানের! তাতে রশিদের অবদান ছিল মাত্র ১২। নবম ওয়ানডেতে প্রথম পঞ্চাশ ছোঁয়া বেয়ারস্টো অপরাজিত থাকেন ১১ চারে ৮৩ রান করে।
এর আগে নিউ জিল্যান্ডের হয়ে আরেকটি অর্ধশতক উপহার দেন কেন উইলিয়ামসন (৫০)। ওপেনার মাটিন গাপটিল করেন ৬৭, ফর্মে থাকা রস টেলর ৪৭। শেষ দিকে ২৮ বলে ৩৯ করেন বেন হুইলার। তখন কে জানত, সিরিজে প্রথমবার নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেবেন বেয়ারস্টো!
বেয়ারস্টোর জয়সূচক রান নিতেই প্রায় বিশ্বজয়ের উদ্যাপনে মাতল ইংল্যান্ড। আসলে ওই উদযাপনে ঘোষিত হলো নতুন ইংল্যান্ডের পথচলার। চিরায়ত ইংলিশ ধারাকে পেছনে ফেলে এই সিরিজ থেকে আগ্রাসী ক্রিকেট শুরু করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের রানার্সআপদের হারিয়ে যাত্রা শুরু হলো যেন নতুন ইংল্যান্ডের।
