প্রায়রের ক্রিকেট ছাড়ার ঘোষণা
সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রায়র।
গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারা প্রায়র চিকিৎসকের পরামর্শে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরের খবরটি নিশ্চিত করে।
৭৯ টেস্টে ৪০.১৮ গড়ে ৪ হাজার ৯৯ রান করা প্রায়র ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দেশকে তিনটি অ্যাশেজ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চোটের কারণে গত বছরের জুলাই থেকে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি।
ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে প্রায়র বলেন, "২০১৫ মৌসুমের জন্য সুস্থ হয়ে ওঠার আশায় ছিলাম। দুর্ভাগ্যবশত, সেটা অসম্ভব মনে হচ্ছে। তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।"
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের অভিষেক ইনিংসে অপরাজিত ১২৬ রান করা প্রায়র গত জুলাইয়ে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেন। তারপর দেশের হয়ে আর মাঠে না নামা এই খেলোয়াড় ৬৮টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টিও খেলেন।
