ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা বেন
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুলিমান বেন।
কিংস্টনে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০১৩-১৪ মৌসুমের জন্য সেরা ক্রিকেটার হিসেবে বেনের নাম ঘোষণা করা হয়।
২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাঁচটি টেস্টে ২৫.০৩ গড়ে ২৮ উইকেট নেন স্পিনার বেন।
ক্রেইগ ব্র্যাথওয়েইট সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক দিনেশ রামদিন হন ওয়ানডের সেরা খেলোয়াড়।
পুরস্কার দেওয়ার জন্য বিবেচনায় নেওয়া সময়ের মধ্যে ব্র্যাথওয়েইট পাঁচ টেস্টে ৭৪.১২ গড়ে ৫৯৩ রান করেন। এর মধ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৯ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিশতকের একটি ইনিংসও আছে।
রামদিন এই সময়ের মধ্যে ১১টি ওয়ানডেতে ৬৩.৫৭ গড়ে ৪৪৫ রান করেন। এর মধ্যে দুটি শতক ও একটি অর্ধশতক পান তিনি। বাংলাদেশের বিপক্ষে তার ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংসটিও এর মধ্যে আছে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউড সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন। নির্দিষ্ট সময়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে একটি শতক ও একটি অর্ধশতক করেন এই ব্যাটসম্যান।
১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে স্যামুয়েল বদ্রি টি-টোয়েন্টির সেরা নির্বাচিত হন।
