২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিব্রেটি ক্রিকেট লিগে খেলে বিপাকে সাব্বির

বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে সাব্বির আহমেদের থাকার কথা বগুড়ায়। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের অন্যতম এই সদস্যকে গভীর রাতে দেখা গেছে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে! বিসিবির অনুমতি না নিয়েই সেখানে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচে খেলার জন্য এই অলরাউন্ডারের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। কোনো নিয়ম ভাঙার বিষয় প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে পারেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 11:54 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “ঘটনাটি আমি জানতে পেরেছি। আমরা ওর কাছে ব্যাখ্যা জানতে চেয়েছি। সাব্বির আপাতত হাই পারফরম্যান্স দলে আছে, তবে সে বাংলাদেশের ওয়ানডে দলের একজন ক্রিকেটারও। ওর অবশ্যই অনুমতি নেওয়া উচিত ছিল।”

প্রস্তুতি ম্যাচ খেলার জন্য মঙ্গলবার সকালে বগুড়া পৌঁছে রাতেই আবার ঢাকায় ফেরেন সাব্বির। রাত ৩টায় শুরু হওয়া ৬ ওভারের ম্যাচ শেষ হয় ভোর ৪টায়। পরে আবার বগুড়া ফিরে যান আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।

বগুড়ায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা হাই পারফরম্যান্স দলের।