২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কিপার কাহন

ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম বলটি যখন উইকেটের পেছনে গ্লাভসে জমালেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম তখন দাঁড়িয়ে মিড অনে। আট বছর পর বাংলাদেশের ক্রিকেটে একটি পালাবদল!

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 12:21 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

পুরনো খবর:

মুখে জয়ের কথা, মনে ড্রয়ের ভাবনা!
হাথুরুসিংহের ব্যাখ্যায় ‘কন্ডিশন’
ওয়ানডের ভাবনায় টেস্টে নেই রুবেল!
শরীরী ভাষায় সমস্যা দেখছেন না হাথুরুসিংহে
জয়ের লক্ষ্য ছাড়ছে না বাংলাদেশ
তিন পেসার বনাম এক পেসার
ধাওয়ান, বিজয়ের ব্যাটে বিশাল সংগ্রহের পথে ভারত
লিটনের স্বপ্ন পূরণ
এক পেসার নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ
খালেদ মাসুদের কাছ থেকে বাংলাদেশের কিপিং গ্লাভস পেয়েছিলেন মুশফিক, তার কাছ থেকে পেলেন লিটন। এই তিন জনের মাঝে উইকেটকিপার হিসেবে খেলেছেন আরো দুজন। বাংলাদেশের ৯১ টেস্টে কিপার হিসেবে খেলেছেন ৫ জন।

অভিষেক টেস্ট থেকেই বাংলাদেশের কিপিং গ্লাভস ছিল বলতে গেলে খালেদ মাসুদেরই সম্পত্তি। প্রথমবার হাতবদল হয়ে কিপিং গ্লাভস যার হাতে উঠল, সেই নামটি অনেককেই চমকে দিতে পারে- মেহরাব হোসেন!

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব একটি টেস্ট খেলেছিলেন মূল উইকেটকিপার হিসেবেই। ২০০১ সালের জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান মাসুদ। ওই এক টেস্টের জন্য আর দেশ থেকে কোনো কিপার উড়িয়ে আনা হয়নি। হারারেতে তাই উইকেটকিপার হিসেবে খেলেছিলেন মেহরাব।

মেহরাবের কিপিং করা ছিল অনেকটা জরুরি অবস্থায়। চোট ছাড়া মাসুদ প্রথমবার কিপিং গ্লাভস হারান মোহাম্মদ সেলিমের কাছে। বাংলাদেশর দু:স্বপ্নের ২০০৩ বিশ্বকাপের পর শুধু নেতৃত্ব নয়, দলে জায়গাও হারিয়েছিলেন মাসুদ। টেস্ট যুগে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত সময় ছিল তখন। ভীষণ টালমাটাল সেই সময়ে দলের নেতৃত্বে আনা হয় খালেদ মাহমুদকে। বিশ্বকাপের পরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে উইকেটের পেছনে দাঁড়ান মোহাম্মদ সেলিম।

তবে সেলিমের আগমণ ছিল যতটা নাটকীয়, দৃশ্যপট থেকে প্রস্থানও তত দ্রুত। দক্ষিণ আফ্রিকা সিরিজের ২ টেস্টে সেলিম রান করছিলেন ৪৯, ডিসমিসাল চারটি। শরীরী ভাষাও ছিল নড়বড়ে। ওই সিরিজই তাই ছিল সেলিমের শুরু ও শেষ। আবার কিপিং গ্লাভস ফিরে পান মাসুদ। ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টেও কিপার ছিলেন মাসুদ। মুশফিক ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টও খেলেছিলেন শুধু ব্যাটসম্যান হিসেবেই।

ধীরে ধীরে মাসুদের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নিজেকে জানান দেন মুশফিক। সেই ভবিষ্যতটা বর্তমান হিসেবে ধরা দিল ২০০৭ সালে। ওয়ানডেতে ব্যাট হাতে পারফরম্যান্সে ক্রমেই মাসুদের জন্য হুমকি হয়ে উঠছিলেন মুশফিক। ২০০৭ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে ছিলেন দুজনই। প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে মুশফিকের কাছে জায়গা হারালেন মাসুদ। কিপার-ব্যাটসম্যান হিসেবে প্রথম সুযোগেই ভাস-মালিঙ্গা-মুরালির বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাসুদ-অধ্যায় অতীত করে দিলেন মুশফিক।

সেই থেকে টানা ৪৩ টেস্ট অনেক উত্থান-পতনের গল্প রচনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু উইকেটের পেছনে মুশফিকের উপস্থিতি ছিল নিশ্চিত। শুধু কিপার নয়, সময়ের পরিক্রমায় মুশফিক এখন দেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানও। গত কিছুদিন ধরেই অবশ্য টেস্টে মুশফিকের কিপিং ভার কমানোর ডাক উঠেছিল বাংলাদেশ ক্রিকেটে। মুশফিক তাতে সায় দেননি। এবার চোটের কারণেই বাধ্য হলেন। বাংলাদেশ পেল পঞ্চম টেস্ট উইকেটকিপার, লিটন দাস।

স্বীকৃত কিপার হিসেবে এই পাঁচ জনই খেলেছেন টেস্ট। তবে টেস্টের মাঝপথে মূল কিপারের চোটের কারণে নানা সময়ে কিপিং গ্লাভস হাতে নিতে হয়েছে অনেককেই। তাদের মধ্যে তিনজনের আবার ডিসমিসালও আছে!

বাংলাদেশের অভিষেক টেস্টেই খালেদ মাসুদের চোটের কারণে মাঝপথে কিপিং করেছিলেন ওপেনার শাহরিয়ার হোসেন। নাঈমুর রহমানের বলে প্রতিপক্ষ উইকেটকিপার সাবা করিমকে স্টাস্পিংও করেছিলেন শাহরিয়ার।

২০০৭ সালে আবারও ভারতের বিপক্ষে এবং আবারও মাসুদের চোটে কিছু সময় কিপিং করেছিলেন রাজিন সালেহ। মোহাম্মদ রফিকের বলে নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির ক্যাচ।

আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে মুশফিকের চোটে পরপর দিন দুদিন কিপিং করেছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ। তাইজুল ইসলামের বলে জুলফিকার বাবরকে স্টাম্পিংও করেছিলেন মাহমুদউল্লাহ!

টেস্টে লিটন দাসের আগে বাংলাদেশের চার কিপার:

উইকেটকিপার

ম্যাচ

রান

গড়

সর্বোচ্চ

ক্যাচ

স্টাম্পিং

খালেদ মাসুদ

৪৪

১৪০৯

১৯.০৪

১০৩*‌

৭৮

৯

মেহরাব হোসেন

১

৭১

৩৫.৫০

৭১

২

০

মোহাম্মদ সেলিম

২

৪৯

১৬.৩৩

২৬

৩

১

মুশফিকুর রহিম

৪৩

২৫৩১

৩৩.৭৪

২০০

৭৫

১১