ব্যাটিং পজিশন নিয়ে ভাবনা নেই লিটনের
লিটন দাস মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। তবে ফতুল্লা টেস্টে একাদশে সুযোগ পেলে তাকে হয়তো খেলতে হবে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে। তবে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে নামতে আপত্তি নেই অভিষেকের অপেক্ষায় থাকা এই উইকেটকিপারের।
টেস্ট ক্যাপ মাথায় তুলতে উন্মুখ লিটনের বিসর্জন দিতে প্রস্তুত নিজের অভ্যস্ত ব্যাটিং পজিশন। রোববার ফতুল্লায় অনুশীলন শেষে জানালেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই ব্যাটিং করতে রাজি তিনি।
“পছন্দের ব্যাটিং পজিশন কিছু নেই আমার। দল যে জায়গায় চাইবে, সেখানেই ব্যাট করব। দল যতটা চায়, তার শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
বাংলাদেশের টেস্ট দলে ওপেনিংয়ে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জুটি এখন জমে গেছে। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজেই রেকর্ড জুটি গড়েছেন দুজন। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কেউ আচমকা চোট না বাধালে মিডল অর্ডারেই হয়ত খেলতে হবে লিটনকে।
সেক্ষেত্রে মানিয়ে নিতে হবে ব্যাটিংয়ের অনেক কিছুতেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যাটিংয়ে নেমে শুরুতেই হয়তো খেলতে হবে স্পিন বোলিং। অশ্বিন-হরভজনদের নিয়ে গড়া ভারতের স্পিন আক্রমণও বেশ সমৃদ্ধ। তবে এটা নিয়েও ভাবনা নেই লিটনের।
“ওপেনার হিসেবে যখন লম্বা ইনিংস খেলি, তখন তো স্পিন খেলতেই হয়। বড় ইনিংস খেলতে গেলে পেস-স্পিন সব সামলাতে জানতে হয়। আমার মনে হয় না, ওপেনার হলেও নিচে খেলতে বা স্পিন খেলতে আমার সমস্যা হবে।”
