২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন রাহুল

অসুস্থতার কারণে বাংলাদেশ সফরের ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 10:29 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

জ্বরের কারণে এই ব্যাটসম্যানের দল থেকে ছিটকে যাওয়াটা নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক অনুরাগ ঠাকুর।
 
আগামী ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 
 
ফতুল্লা টেস্টের দলে থাকা ১৫ জনের কলকাতায় ‘রিপোর্টিং’ ছিল শনিবার। জ্বর নিয়েই এসেছিলেন রাহুল। বিসিসিআইয়ের চিকিৎসকরা তার অবস্থা দেখে বাংলাদেশ সফরে আসার অনুমতি দেননি। ধারণা করা হচ্ছে, ডেঙ্গু জ্বরে ভুগছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
 
রাহুলের বদলে অন্য কাউকে আর দলে নেওয়া হচ্ছে না। ফলে সেরা একাদশে ফেরার সুযোগ পেতে পারেন শিখর ধাওয়ান। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে খেলা এই মারকুটে ব্যাটসম্যান সিডনি টেস্টের ভারত দল থেকে বাদ পড়েছিলেন।
 
তবে এর পরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে অবশ্য ব্যাট হাতে আলো ছড়ান ধাওয়ান। ৫১.৫০ গড়ে ৪১২ রান করেছিলেন দিল্লির এই ব্যাটসম্যান।
 
বিশ্বকাপের আগে মেলবোর্ন টেস্টে অভিষেকটা বাজে হয়েছিল রাহুলের; দুই ইনিংসে করেন যথাক্রমে ৩ ও ১ রান। তবে সিডনি টেস্টে শতক করে দারুণভাবে ফিরে আসেন তিনি।
 
অস্ট্রেলিয়া থেকে ফিরে ভারতের রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৯৩.১১ গড়ে রাহুল করেন ৮৩৮ রান, যার মধ্যে আছে একটি ত্রিশতক।
 
একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।