শুধু বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন শাস্ত্রি
দীর্ঘমেয়াদে ভারত ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি এ মুহূর্তে ভাবতে চাইছেন না রবি শাস্ত্রি। আপাতত বাংলাদেশ সফর নিয়ে ভাবার কথা জানিয়েছেন ভারত দলের এই পরিচালক।
বাংলাদেশ সফরের জন্য কদিন আগে ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পান শাস্ত্রি।
বাংলাদেশ সফর সামনে রেখে শাস্ত্রি বলেন, “এটা কেবল ১৪ দিনের ট্যুর (বাংলাদেশ সফর)। তাই আমি আগাম কিছু এখনই ভাবছি না; শুধু বাংলাদেশ সফর নিয়ে ভাবছি এবং এটাই আসল কথা। গত আট মাস ধরে আমরা যে ভালো কাজটা করেছি, সেটা (বাংলাদেশ সফরে) বজায় রাখার দিকেই দৃষ্টি দিচ্ছি।”
ডানকান ফ্লেচারকে বিদায় করে দেওয়ার পর থেকে নতুন কোচের খোঁজে আছে ভারত। টিম ডিরেক্টর শাস্ত্রিকে দিয়েই আপাতত কোচের কাজ চালিয়ে নিচ্ছে দলটি।
অবশ্য দীর্ঘমেয়াদে ভারতের দায়িত্ব নেওয়ার ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছে না এই সাবেক ক্রিকেটার, “এ নিয়ে কোনো প্রশ্ন নেই-আমার দায়িত্ব বাংলাদেশ সফর পর্যন্ত। এরপর আমরা বসব এবং আলোচনা করব।”
“তারা কি পরিকল্পনা করছে এবং আমার পরিকল্পনা নিয়ে তারা কি ভাবছে, তা দেখার জন্য কিছু বিষয় নিয়ে আমি বোর্ডের সঙ্গে আলোচনা করব এবং এরপরই সিদ্ধান্ত নেব”, যোগ করেন ভারতের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার।
একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ-ভারত তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৮ জুন। ২১ ও ২৪ জুন হবে পরের দুই ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
