২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে ২ বছরের পৃষ্ঠপোষক স্বত্ব পেল টপ অব মাইন্ড

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব পেয়েছে মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 02:19 PM

Updated : 12 Oct 2022, 03:42 PM

পুরনো খবর:

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক প্রাণ 
পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পন্সর টপ অব মাইন্ড

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, চূড়ান্ত দরপত্রে গ্রামীণ ফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্ব পায় টপ অব মাইন্ড।

আমরা ভিত্তিমূল্য ৩০ কোটি টাকা ছিল, সেখানে ১১ কোটি টাকার বেশি পাওয়ায় ভীষণ খুশি নাজমুল হাসান। টাকা বেশি পাওয়ার জন্য তিনি কৃতিত্ব দিলেন খেলোয়াড়দেরই।

“এটা জাতীয় দলের পারফরম্যান্সের কারণে। মূল কৃতিত্ব খেলোয়াড়দের। দলের এখন যে পারফরম্যান্স আছে তাতে, এটা শুধু বাংলাদেশে নয় আমরা যদি আন্তর্জাতিকভাবেও বিড করি, আমি নিশ্চিত, আমরা আগের চেয়ে ভালো অফার আমরা পাবো। আমাদের রেটিং বেড়েছে, আপনারা জানেন, এটার সাথে এগুলোর একটা প্রভাব আছে।”

প্রতিষ্ঠানটি পাকিস্তান সিরিজের জন্যও দলের পৃষ্ঠপোষক স্বত্ব কিনেছিল। পরে তারা তা বিক্রি করে প্রাণ গ্রুপের কাছে। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা গ্রামীণ ফোন তৃতীয় ও শেষ পর্যায়ে ৪১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছিল।

দেশীয় প্রতিষ্ঠান স্বত্ব পাওয়ায় খুশি বিসিবি প্রধান। দল ভালো খেলায় প্রতিষ্ঠানগুলোর আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি।   

“সাহারা যখন গতবার স্পন্সরশিপ নেয়, তখন আমাদের বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান ধারে কাছে ছিল না। আমরা দেখছি, সাহারার চেয়ে অনেক ভালো অফার পেয়েছি আমরা এবং সেটা স্থানীয় কোম্পানির কাছ থেকে। এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় কথা। স্থানীয় কোম্পানিগুলো এগিয়ে এসেছে। এটাতেই আমরা বেশি খুশি।”

চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় দল, নারী দল, অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ 'এ' দলের পৃষ্ঠপোষক স্বত্ব থাকবে সর্বোচ্চ দরদাতা টপ অব মাইন্ডের। তবে আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক স্বত্ব এর আওতায় থাকবে না।

২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

পরে শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক স্বত্ব বিক্রি করা হলে তা পায় টপ অব মাইন্ড। তবে এই চুক্তির ক্ষেত্রে টাকার অঙ্ক গোপন রাখে বিসিবি।