সাকিব জ্বলে উঠলেও হারল কলকাতা
আইপিএলে ফিরেই ব্যাটে-বলে আলো ছাড়িয়েছেন সাকিব আল হাসান। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নাটকীয়ভাবে হেরেছে তার দল কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ বলে গড়ানো ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ রানে হারে কলকাতা। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে তারা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে আইপিএলে ফিরেই ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৩ রানের মূল্যবান ইনিংস খেলেন টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভির। নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পান সাকিব, ফেরান বিপজ্জনক হয়ে ওঠা পার্থিব প্যাটেলকে। নিজের পরের ওভারে আম্বাতি রাইদুকে লং অফে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ বানান তিনি।
কিন্তু সাকিবের সতীর্থরা বল হাতে আলো ছড়াতে না পারায় মু্ম্বাই বড় স্কোর তুলে নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তোলে তারা।
মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন হারদিক পাণ্ডে। ৩১ বলের ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৮টি চার ও ২টি ছক্কায়। দলটির অপর অপরাজিত ব্যাটসম্যান কাইরন পোলার্ড করেন ৩৩ রান।
