২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাকিব

টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:18 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৮৯ ও ১৩ রান করা বাংলাদেশের সেরা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৬২৯। 
 
৩২৮ রানে হেরে যাওয়া ঢাকা টেস্টে খারাপ করায় ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম। ৫ ধাপ পিছিয়ে ৪৮তম স্থানে আছেন তিনি। তবে মুমিনুলের হকের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ২৩তম স্থানে আছেন তিনি।
 
সবশেষ প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশের দুই বোলার মোহাম্মদ শহীদ ও শুভাগত হোমের। 
 
৩৬ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে উঠেছেন ঢাকা টেস্টের দুই ইনিংস মিলে ৯৫ রানে ৪ উইকেট নেওয়া শহীদ। আর ১৫ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে আছেন শুভাগত, পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে ৯৪ রানে ৩ উইকেট নেন তিনি। 
 
বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলামের অবনতি হয়েছে, আট ধাপ পিছিয়ে ৩৯তম স্থানে আছেন তিনি। এছাড়া ৩ ধাপ পিছিয়ে ৬০তম স্থানে নেমে গেছেন জুবায়ের হোসেন। তবে ৩ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠেছেন মাহমুদউল্লাহ।
 
বোলারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিবও, দুই ধাপ পিছিয়ে ১৭তম স্থানে আছেন তিনি। তবে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছেন টি-টোয়েন্টিরও সেরা এই অলরাউন্ডার।   
 
ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ব্যাটসম্যানদের সেরা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, আর বোলারদের সেরা দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।