জুনায়েদের ১৯৩ রান
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্বিশতকের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে জুনায়েদ সিদ্দিককে। ১৯৩ রানে রান আউট হয়েছেন উত্তরাঞ্চলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১০৭ ওভারে ৩৮৪ রান করে অলআউট হয় উত্তরাঞ্চল। প্রথম ইনিংসের হিসেবে পূর্বাঞ্চলের চেয়ে এখনও ৮৯ রানে পিছিয়ে আছে তারা।
প্রথম ইনিংসে অলক কাপালীর দ্বিশতকে ভর করে ৪৭৩ রান করে পূর্বাঞ্চল।
আগের দিনের ৬৩/১ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে উত্তরাঞ্চল। জুনায়েদ শুরু করেন ৩৯ রান নিয়ে।
অল্পের জন্য দ্বিশতক করতে না পারা জুনায়েদ তার ২৮৫ বলের ইনিংসটি ১৭টি চার ও ২টি ছক্কায় সাজান।
জুনায়েদ ছাড়া উত্তরাঞ্চলের আরও ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের রানের ইনিংস খেলেন।
পূর্বাঞ্চলের নাজমুল অপু ১০০ রানে তিন উইকেট নেন। এছাড়া নাবিল সামাদ ও কাপালী দুটি করে উইকেট নেন।
দুই দলের ব্যাটসম্যানরা ভালো করায় ড্রয়ের দিকে এগুচ্ছে ম্যাচটি। রোববার চতুর্থ ও শেষ দিনের খেলা হবে।
