২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয় পাওয়ার তৃপ্তি মিসবাহর

বাংলাদেশ সফরের শেষ ম্যাচে এসে প্রথম পাওয়া জয়টিকে ‘মুখ রক্ষার’ মনে করছেন না মিসবাহ-উল হক। অভিজ্ঞ দল হিসেবে খুলনায় আধিপত্য করার পর ঢাকায় তার দল জয় পেয়েছে বলে মনে করেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিনের খেলা শেষের আগেই ৩২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। এ জয়ে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারায় মিসবাহর দল।

ঢাকা টেস্টের জয়টা পাকিস্তানের জন্য ‘মুখ রক্ষার’ কি না, এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, “না, আমি তা মনে করি না। এটা মুখ-রক্ষার জয় নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ আমাদের চেয়ে অভিজ্ঞ ছিল। গত চার-পাঁচ বছর ধরে তাদের এই দলটিই খেলছে। এ কারণেই তারা এগিয়ে ছিল এবং আমি মনে করি, জয়ের যোগ্য তারা।”

“কিন্তু টেস্টে সবকিছু অন্যদিকে গেছে। আমরা বেশি (বাংলাদেশের চেয়ে) অভিজ্ঞ ছিলাম, আমরা আসলেই ভালো করেছি এবং আমি মনে করি, সেটা প্রমাণও করেছি”, যোগ করেন পাকিস্তানের অধিনায়ক।

সিরিজের প্রথম টেস্টে খুলনাতেও আধিপত্য করেছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দৃঢ়তায় প্রথম টেস্টে জয় পায়নি অতিথিরা।

মিসবাহ জানান, খুলনাতে ড্রয়ের হতাশা থাকলেও ভালো খেলেছিলেন তারা এবং সেই ধারাবাহিকতা ধরে রাখায় ঢাকায় এসে জয় পেয়েছে তার দল।

খুলনায় দ্বিশতকের ইনিংস উপহার দেন মোহাম্মদ হাফিজ। ঢাকায় আজহার আলি তুলে নেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। রান ছিল ইউনুস খানের ব্যাটেও। টেস্ট সিরিজে ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহরা বল হাতে আলো ছড়িয়েছেন।

ঢাকা টেস্টে জয়ের পর তাই দলের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানান মিসবাহ, “যেভাবে দল খেলেছে, তাতে আমি সত্যিই খুশি। বিশেষ করে ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটা দেখিয়েছে এবং স্কোরবোর্ডে সবসময় রান যোগ করেছে। বোলাররাও ভালোভাবে সাড়া দিয়েছে। দিন শেষে এটা আসলেই একটা ভালো দলীয় পারফরম্যান্স।”