বাংলাদেশকে চাপে পিষতে চায় পাকিস্তান
ব্যাটসম্যানদের দৃঢ়তায় খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এরই মধ্যে দুইশর বেশি রানে এগিয়ে গেছে পাকিস্তান। কিন্তু এতেই ক্ষান্ত হচ্ছে না তারা, স্বাগতিকদের বিপক্ষে কমপক্ষে ৩০০ রানের লিড নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মোহাম্মদ হাফিজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই চালকের আসনে বসেছে। দ্বিতীয় দিনের শুরুতে স্বাগতিকদের অল্প রানে বেধে ফেলার পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫ উইকেটে ৫৩৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
৫ উইকেট হাতে রেখে এরই মধ্যে ২০৫ রানে এগিয়ে আছে পাকিস্তান।
পাকিস্তানের পাহাড় সমান স্কোর গড়ায় মূল অবদান হাফিজের। ক্যারিয়ারে প্রথম দ্বিশতক করা এই ব্যাটসম্যান ২২৪ রান করেন।
বৃহস্পতিবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের উপর রানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি।
"আমরা কিছু পরিকল্পনা করেছিলাম, যা কাজে লেগেছে এবং এখন আমরা এমন অবস্থায় আছি যে, তাদের উপর আরও চাপ দিতে পারব। জানি না, আগামীকালের বড় পরিকল্পনা কী হবে, কিন্তু আমরা কমপক্ষে ৩০০ রানের লিড নিতে চাই, যাতে তাদের অলআউট করতে যথেষ্ট সময় পাই।"
সফরের শুরুতে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারে পাকিস্তান। অমন বাজে শুরুর পর টেস্টে এভাবে ঘুরে দাঁড়াতে পারায় স্বস্তিও ফুটে ওঠে হাফিজের কথায়।
