জয় এখন আকাশকুসুম কল্পনা: মুশফিক
জয়ের আশা বাংলাদেশ দল আর করছে না। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে জয় এখন আকাশকুসুম কল্পনা। তাই খুলনা টেস্ট ড্র করার কথাই ভাবছেন তিনি।
বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে ২০৫ রানে পিছিয়ে বাংলাদেশ। পাঁচ উইকেট হাতে থাকা পাকিস্তান নিতে পারে আরও বড় লিড। এ কারণেই জয়ের আশা ছেড়ে ম্যাচ বাঁচানোর কথা ভাবছেন মুশফিক।
খুলনা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫৩৭ রান। এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
মুশফিক মনে করেন, ম্যাচ বাঁচাতে হলে তাদের পাঁচ সেশন ব্যাট করতে হতে পারে।
“জয় এখন তো আকাশ-কুসুম কল্পনা। আমরা ২০৫ রানে পিছিয়ে আছি। ওরা কাল চেষ্টা করবে, প্রথম ঘণ্টায় যত দ্রুত (সম্ভব) রান তুলে ছেড়ে দেওয়ার। সেদিক থেকে বলব, আমরা যদি শুরুতে কয়েকটা উইকেট নিতে পারি, ওরা অলআউট হয়ে যেতে পারে। এরপর ম্যাচ বাঁচাতে চাইলে আমাদের পাঁচ সেশন ব্যাট করতে হবে।”
ম্যাচ বাঁচানোর কাজটা কঠিন হতে পারে, তবে অসম্ভব মনে করছেন না বাংলাদেশের অধিনায়ক।
“অসম্ভব বলে কিছু নেই। আপনি যদি প্রথম ইনিংসটা দেখেন, রান করা কিন্তু সহজ ছিল না। ওরা ভালো বল করার পরও ব্যাটসম্যানরা অন্তত ভালো খেলেছে। এই উইকেটে অসম্ভব কিছু না। যদি পাঁচ সেশন আমরা ব্যাট করতে পারি, তাহলে ভালো কিছুই হবে।”
প্রথম ইনিংসে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারায় ব্যাটসম্যানদের সমালোচনা করেন মুশফিক।
“এই পর্যায়ে ৩০/৪০ রান করে কখনো বড় স্কোর করা যায় না। আমরা যারা ‘সেট’ হয়ে আউট হয়ে গেছি, তাদের যদি দুইটা অন্তত সেঞ্চুরি হত, তাহলে সহজেই সাড়ে চারশ’ রান হয়ে যেত। আমরা হয়তো দুই দিন ব্যাট করতে পারতাম। তখন চিত্রটা ভিন্ন হতো। হয় নাই, এখন দ্বিতীয় ইনিংসে করতে হবে।”
