সাকিবকে চাপে রাখার পরিকল্পনা ছিল পাকিস্তানের
বাংলাদেশের অন্যতম সেরা বোলার সাকিব আল হাসানকে চাপে রাখার পরিকল্পনা নিয়েই খুলনা টেস্টে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজ এ কথা জানান।
বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২০৫ রান এগিয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৫৩৭ রান তোলে সফরকারীরা।
প্রথম ইনিংসে হাফিজ ৩৩২ বলে ২২৪ রান করেন। আর সাকিব ৩১ ওভার বল করে ১২২ রান দিয়ে কোনো উইকেট পাননি।
সাকিবের এভাবে উইকেট না পাওয়া অনেকের কাছেই বেখাপ্পা লেগেছে। তবে আসল রহস্যটা প্রকাশ করেন হাফিজ।
"আমরা তাকে খুব উঁচু মাপের মনে করি। আমরা জানি, সে তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তার ওপর চাপ দিয়ে সাকিব-প্রভাবটা কমাতে চেয়েছি।"
সাকিবও চাপ থেকে বেরিয়ে এসে উইকেট নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করা হাফিজ সাকিবকে সেই চেষ্টায় সফল হতে না দেওয়ার কাজে নেতৃত্ব দেন।
"সে একটু বেশিই চেষ্টা করছিল। তাই আমাকে আক্রমণাত্মক মেজাজে যেতে হয়েছে। আমি কিছুই ছাড়তে চাইনি এবং প্রত্যেক বলকেই কাজে লাগাতে চেয়েছি। আর তার বিপক্ষে এটাই আমার পক্ষে কাজ করেছে।"
অনেকেরই ধারণা, পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা ভালো বল করতে পারেনি। তবে হাফিজ এ ব্যাপারে একমত নন। বাংলাদেশের বোলাররা একটা পর্যায়ে অনেক ভালো বল করেছে বলে মনে করেন তিনি।
সাকিব, রুবেল হোসেন, তাইজুল ইসলামরা অনেক কৌশলও প্রয়োগ করেছে বলে উল্লেখ করেন হাফিজ। তবে নিজে আক্রমণাত্মক মেজাজে খেলে বাংলাদেশের সব পরিকল্পনা অকার্যকর করে দিয়েছেন বলে জানান তিনি।
