এবার দ্বিশতক হাতছাড়া করতে চাননি হাফিজ
খুব কাছ গিয়েও দুবার হাতছাড়া হয়ে গেছে কাঙ্খিত দ্বিশতক। এবার সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করতে চাননি মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্টে দ্বিশতক পাওয়ার পর তৃতীয় দিন শেষে নিজের সংকল্পের কথা তুলে ধরেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
বৃহস্পতিবার খুলনা টেস্টের তৃতীয় দিনে হাফিজ তার টেস্ট ক্যারিয়ারে প্রথম দ্বিশতক পান। ২২৪ রান করে আউট হন তিনি। ৩৩২ বলের ইনিংসটি ২৩টি চার ও তিনটি ছয়ে সাজান হাফিজ।
ম্যাচ শেষে নিজের দৃঢ় ব্যাটিং করার রহস্য নিজেই প্রকাশ করেন পাকিস্তানের ব্যাটসম্যান।
"এর আগে দুবার দ্বিশতক 'মিস' করেছি এবং এবার আর মিস করতে চাইনি। …এবার শক্ত বিশ্বাস ছিল যে, এবার আমি করতে পারব।"
এর আগে ২০১২ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট প্রথম ইনিংসে ১৯৬ রান করেন হাফিজ। এরপর ২০১৪ সালের নভেম্বরে শারজাহতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৭ রান করেছিলেন তিনি।
চোটের কারণে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে খেলতে পারেননি হাফিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরা এই ব্যাটসম্যান ওয়ানডেতে ভালো করতে পারেননি। তিন ম্যাচে দুবার কোনো রান না করেই আউট হন, এক ম্যাচে করেন ৪। টি-টোয়েন্টিতেও ২৬ রান করতে পারেন হাফিজ।
সব মিলিয়ে রান না পেয়ে চাপে ছিলেন হাফিজ। আর এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া ছিলেন বলেই রান পাওয়ার কথা বলেন তিনি।
"আমি জানতাম, আত্মবিশ্বাস ফিরে পেতে আমাকে কিছু করতে হবে এবং আমি কঠিন চেষ্টা করেছি।"
ক্যারিয়ারের সর্বোচ্চ রান পেলেও বাংলাদেশের বিপক্ষে এই ইনিংসকে নিজের সেরা বলছেন না হাফিজ। তবে এটা ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে উল্লেখ করেন তিনি। আর দ্বিশতক যে কোনো ব্যাটসম্যানের জন্যই মধুর বলেও জানান হাফিজ।
