পাকিস্তান সফর নিশ্চিত করল জিম্বাবুয়ে
পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। আফ্রিকার এই দেশই হবে ২০০৯ সালের পর পাকিস্তান সফর করা প্রথম টেস্ট খেলুড়ে দল।
আগামী মাসে পাকিস্তান সফরের বিষয়টি জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বৃহস্পতিবার হারারেতে নিশ্চিত করে। তারা জানায়, সবকটি ম্যাচই হবে লাহোরে।
২২ ও ২৪ মে হবে দুটি টি-টোয়েন্টি। ২৬ মে হবে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ওয়ানডে ২৯ ও ৩১ মে।
জেডসির চেয়ারম্যান উইলসন ম্যানাসে বোর্ডের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানান, সব ঘটনা জেনেশুনেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। আর এ কারণেই পাকিস্তানের অবস্থা নিয়ে শঙ্কাবাদী হওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
জেডসির ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেল জানান, পাকিস্তানও অগাস্ট মাসে জিম্বাবুয়ে সফরে যাবে। এর আগে তিনি ভারত ও নিউ জিল্যান্ডের জিম্বাবুয়ে সফর করার বিষয়টিও নিশ্চিত করেছিলেন।
কয়েকদিন আগে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, জিম্বাবুয়ের খেলোয়াড়রা পাকিস্তান সফর করতে যাওয়া নিয়ে শঙ্কার মধ্যে ছিল।
২০০৯ সালের মার্চ মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঢোকার পথে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের ওপর হামলা করেছিল বন্দুকধারীরা। কয়েকজন খেলোয়াড় এতে আহতও হয়েছিলেন। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আর সাধারণ মানুষ মারাও যান।
এই ঘটনার জন্য ম্যাচটি পণ্ড হয় এবং সফর বাতিল করে শ্রীলঙ্কা দেশে ফিরে যায়। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম ম্যাচগুলো দেশের বাইরে খেলতে হচ্ছে। আর সাধারণত তারা সংযুক্ত আরব আমিরাতেই খেলে।
আইসিসি আর পূর্ণ সদস্য দেশগুলো পাকিস্তানকে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করে।
