জিম্বাবুয়ের পাকিস্তান সফর এখনও অনিশ্চিত
আগামী মাসে জিম্বাবুয়ের পাকিস্তান সফর এখনও অনিশ্চিত। তবে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ভারত ও নিউ জিল্যান্ড সিরিজ খেলতে আফ্রিকার দেশটিতে যাবে।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানায়। জিম্বাবুয়ে সেখানে খেলতে গেলে ২০০৯ সালের পর তারাই হবে পাকিস্তান সফর করা প্রথম টেস্ট খেলুড়ে দেশ।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, জিম্বাবুয়ের খেলোয়াড়রা পাকিস্তান সফর করতে যাওয়া নিয়ে শঙ্কার মধ্যে আছে।
জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেল জানান, ভারতের ক্রিকেট বোর্ড এরই মধ্যে জিম্বাবুয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তিন ওয়ানডের সিরিজ জুলাইয়ের মাঝামাঝি হতে পারে।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে নিউ জিল্যান্ড ২৮ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত জিম্বাবুয়েতে খেলতে পারে বলে জানান ক্যাম্পবেল। সময় কম বলে ধারণা করা হচ্ছে নিউ জিল্যান্ড কেবল ওয়ানডেই খেলবে, টেস্ট নয়।
