ওয়ার্নার ঝড়ে কলকাতাকে হারাল হায়দরাবাদ
৯ রানের জন্য শতক পাননি ডেভিড ওয়ার্নার। তবে তার ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
বুধবার বিশাখাপত্তমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে কলকাতার বিপক্ষে হায়দরাবাদের জয়টি ১৬ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ওয়ার্নারের ৫৫ বলে ৯১ রানের ইনিংসের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে হায়দরাবাদ।
হায়দরাবাদের ইনিংস শেষে আসা বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হয়। ১২ ওভারে নেমে আসা ম্যাচে কলকাতার পূণর্নির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ১১৮। ৪ উইকেট হারিয়ে ১০১ রান তোলে তারা।
ওভার প্রতি প্রায় ১০ রান করে তোলার লক্ষ্য নিয়ে খেলতে নামা কলকাতা চতুর্থ ওভারে অধিনায়ক গৌতম গম্ভীরকে হারায়। ৩৫ রানে গম্ভীর ফিরে যাওয়ার একটু পরই আউট হয়ে যান রবিন উথাপ্পা। আউট হওয়ার আগে ২১ বলে ৩৪ রান করেন তিনি।
মনিষ পাণ্ডে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন। ২৪ বলের ইনিংসটিতে ৩টি চার ও একটি ছয় মারেন তিনি।
হায়দরাবাদের পক্ষে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, প্রভিন কুমার, মইসেস হেনরিকস ও রবি বোপারা।
এর আগে হায়দরাবাদকে অসাধারণ শুরু এনে দেন ওয়ার্নার ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে ১৪ ওভার ২ বলে ১৩০ রান তুলে আউট হওয়ার আগে ৯টি চার ও ৪টি ছয় মারেন ওয়ার্নার।
৪৬ বলে ৪টি চার ও একটি ছয়ে ৫৪ রান করেন ধাওয়ান। কলকাতার পক্ষে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন মরনে মরকেল। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও আন্দ্রে রাসেল।
এবারের আইপিএলে পাঁচ ম্যাচে হায়দরাবাদের এটি দ্বিতীয় জয়, আর কলকাতার এটি দ্বিতীয় হার।
