আটে নেমে সোহাগের শতক
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে আট নম্বরে ব্যাট করতে নেমে অসাধারণ এক শতক করেছেন দক্ষিণাঞ্চলের অফস্পিনার সোহাগ গাজী।
মঙ্গলবার শুরু হওয়া এই মৌসুমের বিসিএলের চারদিনের ম্যাচের প্রথম রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারলেও প্রথম দিনে দলকে বিপদে পড়তে দেননি এনামুল হক। ৯৪ রান করেন তিনি।
এরপর দ্বিতীয় দিনে দলকে ভালো সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন সোহাগ। ১১৩ বলে ১০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ৯৫.৫৮ স্ট্রাইক রেটের ইনিংসটি সোহাগ সাজান ১১টি চার ও পাঁচটি ছয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা সোহাগের চতুর্থ শতক।
সোহাগের এই রানের কল্যাণেই প্রথম ইনিংসে ৩৫২ রান তুলতে পারে দক্ষিণাঞ্চল।
বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট খেলা সোহাগ আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়েছিলেন। ২০১৩ সালে চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে শতক করার পর হ্যাটট্রিকও করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়া ত্রয়োদশ ক্রিকেটার তিনি।
