নববর্ষের দিন ঘাম ঝরালেন মাশরাফিরা
বাংলা নববর্ষের প্রথম দিনটিতে মাঠে ঘাম ঝরিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়েছেন মাশরাফি বিন মুর্তজারা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে বাংলাদেশ দল।
চারটি নেটে ব্যাটিং অনুশীলন করেন ব্যাটসম্যানরা। প্রতিটি নেটেই শুরুতে বোলিং করেন পেসাররা।
জাতীয় দলের তিন পেসার মাশরাফি, রুবেল হোসেন, তাসকিন আহমেদের সঙ্গে নেটে বল করেন শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দাররা। লেগস্পিনার জুবায়ের হোসেনও এই দিন নেটে বল করেন।
তৃতীয় দিনের অনুশীলনে ছিলেন না কেবল সাকিব আল হাসান। আইপিএল খেলে ফেরা এই অলরাউন্ডার এখনও অনুশীলনে ফিরেননি।
টানা খেলার মধ্যে ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। বিশ্বকাপের আগে খেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগে। ওয়ানডের সেরা টুর্নামেন্টে খেলে ফিরেই ভারতে যান তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলা সাকিব থাকতে পারেননি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের দেওয়া বিসিবির সংবর্ধনায়।
আগামী শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে বাংলাদেশ।
