২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পেসারদের সামলানোর প্রস্তুতি শুরু মুশফিকদের

পাকিস্তানের পেসারদের সামলানোর প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাদের দ্বিতীয় দিনের অনুশীলনের বেশিরভাগই সময়ই বোলিংয়ে ছিলেন পেসাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

দ্বিতীয় দিনের অনুশীলনে ছিলেন না আইপিএল খেলে আসা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেসার রুবেল হোসেনও অনুশীলনে অনুপস্থিত ছিলেন।
 
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে থাকা অন্য দুই পেসার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ লম্বা সময় বল করেন। 
 
তরুণ বাঁহাতি পেসার আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমানের সঙ্গে বল করেন শাহাদত হোসেন, আল-আমিন হোসেন, সাজেদুল ইসলাম, শুভাশীষ রায়রা।  
 
শুরুতে ব্যাটিং করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও রনি তালুকদার। অন্য একটি নেটে ব্যাট করেন মাহমুদউল্লাহ। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ব্যাটিং মনোযোগ দিয়ে দেখেন কোচ চন্দিকা হাথুরুসিংহে।
 
এরপর একে একে ব্যাট করেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মুমিনুল হক ও মাশরাফি। 
 
পাকিস্তান দলে আছেন চার পেসার জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি ও এহসান আদিল। তারাই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মূল হুমকি হতে পারেন।
 
অনুশীলনের শেষ দিকে নেটে স্পিন বল করেন আরাফাত সানি, নাসির হোসেন, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ। সব শেষে ফিল্ডিং অনুশীলন করেন খেলোয়াড়রা।
 
আগামী শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ।