২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারফরম্যান্সেই আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের

আবেগ থেকে নয়, যুক্তি দিয়ে বিচার করেই পাকিস্তান সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপে চমৎকার খেলা দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অলরাউন্ডার মাহমুদউল্লাহ জানিয়েছেন, পারফরম্যান্সেই তাদের আত্মবিশ্বাস বেড়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 07:10 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

আগামী শুক্রবার প্রথম ওয়ানডে সিরিজে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এরপর একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। 

রোববার সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, “আমাদের পারফরম্যান্সই আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে। পাকিস্তান সিরিজে আমরা ফেভারিট হিসেবেই নামব। হোম কন্ডিশনে আমরা যে কোনো দলকে হারানো ক্ষমতা রাখি। শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে যে কোনো কিছুই সম্ভব হবে।”

ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখা জরুরি বলে মনে করেন বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করা মাহমুদউল্লাহ।

“আমার লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা। ওয়ানডে সিরিজের জন্য আমরা প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা বিসিএলে অংশ নিয়েছি, আজ থেকে ক্যাম্পও শুরু হয়েছে। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি, আমরা কি করতে পারি। ওরা ধরে রাখতে পারলে পাকিস্তান সিরিজে ইতিবাচক ফল পাব।”

ভালো খেলাটা এখন নিজের দায়িত্ব মনে করেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন তিনি। এর ধারাবাহিকতা ধরে রাখতে বাড়তি পরিশ্রম করবেন বলেও জানান তিনি।

নিজের এগিয়ে রাখলেও পাকিস্তানের প্রতি সমীহের কমতি নেই মাহমুদউল্লাহর। অতিথিদের বাঁহাতি পেসাররা আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের সামলানোর জন্য স্বাগতিকদের নেটে থাকবেন কয়েকজন বাঁহাতি পেসার।

“পাকিস্তানের বিপক্ষে আমরা (বিশ্বকাপে) প্রস্তুতি ম্যাচ খেলেছি। ওদের সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। তারা কোন লেন্থে বল করবে, কিভাবে তারা বল করবে সেই সম্পর্কে আমাদের জানা আছে। আজকে আমরা গ্রানাইটেও অনুশীলন করেছি। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি। এখন মাঠে তা প্রমাণ করতে হবে।”