ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দেয়ার প্রত্যয়
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো বাংলাদেশের আরও সামনে যাওয়ার সামর্থ্য ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি চান, চলতি বছর দেশের মাটিতে খেলা প্রতিটি সিরিজে শ্রেষ্ঠ ক্রিকেট খেলে সামর্থ্যের প্রমাণ দিক মাশরাফি বিন মুর্তজারা।
রোববার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি প্রধান বলেন, “কোয়ার্টার ফাইনালে উঠেছি, আমাদের আরও সামনে যাওয়ার কথা ছিল।... সামনে ভারত আসছে, অস্ট্রেলিয়া আসছে; দক্ষিণ আফ্রিকা আসবে। আমাদের শ্রেষ্ঠ ক্রিকেট খেলে তাদের দেখিয়ে দিতে চাই, বাংলাদেশকে হারানো সহজ নয়।”
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি জানান, তারা সবাই খুব রোমাঞ্চিত। দর্শকদের জন্য খেলতে বরাবরই তাদের ভালো লাগে।
বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের পেছনে দারুণ অবদান ছিল মুশফিকুর রহিমের। তিনি জানান, ভালো খেলার ধারাবাহিকতা তারা ধরে রাখতে চান। মানুষের ভালোবাসার প্রতিদান দিতে তাদের প্রত্যাশা অনুযায়ী আরো ভালো খেলতে চান।
পেসার রুবেল হোসেন জানান, এতো বড় একটি সংবর্ধনায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে তার।
