বিশ্বকাপ বীরদের বরণ
জনপ্রিয় ব্যান্ড দলগুলোর গান দিয়ে আয়োজনের শুরু। আর শেষটা হলো আকাশে আতশবাজি ফুটিয়ে। এর মাঝে হাজারও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস আর কলরবের মাঝে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান হলো বাংলাদেশ ক্রিকেট দলকে।
সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে শনিবার মাশরাফি-মুশফিকদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা মাশরাফির দলকে কাছ থেকে একটু দেখা, প্রিয় ক্রিকেটারদের সঙ্গে একটু হাত মেলানোর আশায় প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে দুপুর থেকে সংসদ ভবনের সামনে তৈরি করা মঞ্চের পাশে ভিড় করতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
ব্যান্ড দল নেমেসিস আর ক্রিপ্টিক ফেইথ গান করে যাওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে লেখা ‘বাংলাদেশের বিস্ময়’ গান পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। এরপর মঞ্চে আসেন বিসিবি পরিচালক, ক্রিকেটার, বিশ্বকাপের টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। এছাড়া বাবার অসুস্থতার কারণে ছিলেন না সাব্বির রহমান।
বাংলাদেশ আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাশরাফিদেরকে প্রথম শুভেচ্ছা জানানো হয়। এরপর কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতি শাহেদ রেজা, সাবেক ক্রিকেট অধিনায়কদের পক্ষ থেকে রকিবুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিকী, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানায়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্রিকেটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
“ক্রিকেট দলকে শুভেচ্ছা।... ক্রিকেটে আমরা একটা আসন করে নিয়েছি এবং এটাকে আরও ওপরে তুলে নিয়ে যেতে হবে।”
অর্থমন্ত্রী শুভেচ্ছা বক্তব্যের পর বিসিবির পরিচালকেরা মাশরাফিদের ফুলের মালা পরিয়ে দেন। এরপর মঞ্চের পাশে থাকা সমর্থকদের সঙ্গে হাত মেলান ক্রিকেটাররা।
আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বলেন, “ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। ইনজুরি সত্ত্বেও তারা আমার ওপর আস্থা রেখেছেন। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।”
সমর্থকদের উদ্দেশে মাশরাফি বলেন, “আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। বিশেষ করে খারাপ সময়েও আপনারা আমাদের পাশে ছিলেন। আমাদের বিশ্বাস আগামী দিনগুলোতও আপনারা পাশে থাকবেন।”
১৭ এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমর্থকদের ‘ভালো সময়’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মাশরাফি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের সময় নিয়মিত ফোন করে দলের খবর নেওয়া ও ক্রিকেটারদের সাহস জোগানোর জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান মাশরাফি।
