সাকিবের কলকাতার শুভসূচনা
আইপিএলে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে শিরোপাধারীরা।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৮ রান করে মুম্বাই।
মর্নে মরকেল ও সাকিবের ভালো বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে মুম্বাই। ৩৭ রানে তিন উইকেট হারানোর পর দলটি দেড়শ’ পার হয় অধিনায়ক রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসনের দৃঢ়তায়। তিনটি ক্যাচ হাতছাড়া করা কলকাতার ফিল্ডারদের দায়ও কম নয় এতে।
শুরুতেই উইকেট পাওয়ায় মুম্বাইকে চাপে রাখে কলকাতা। ১৪ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮০ রান। কিন্তু শেষ ৬ ওভারে ৮৬ রান সংগ্রহ করে লড়াইয়ের পুঁজি গড়ে মুম্বাই।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন অ্যান্ডারসন ও রোহিত। ৯৮ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের অধিনায়ক। রোহিতের ৬৫ বলের ইনিংসটি ১২টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
৫৫ রানে অপরাজিত থাকা অ্যান্ডারসনের ৪১ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও ৩টি ছক্কায়।
কলকাতার সফলতম বোলার মরকেল ১৮ রানে নেন ২ উইকেট। সাকিব ১ উইকেট নেন ৪৮ রানে। তার বলে দুটি ক্যাচ হাতছাড়া করেন আন্দ্রে রাসেল ও মরকেল।
জবাবে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
মনিশ পান্ডের (২৪ বলে ৪০) সঙ্গে ৮৫ রানের জুটি উপহার দিয়ে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক গৌতম গম্ভির। ৪৩ বলে ৫৭ রান করে অধিনায়ক ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।
ইউসুফ পাঠানকে (অপরাজিত ১৪) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন সূর্যকুমার যাদব। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ইউসুফের সঙ্গে মাত্র ২৫ বলে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ৪৬ রানে অপরাজিত থাকা সূর্যকুমারের ২০ বলের ইনিংসটি সাজানো ৫টি ছক্কা ও একটি চারে।
