দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা
বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সের পর পাকিস্তান সিরিজের জন্য দল নির্বাচন কঠিন ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক আহমেদ জানান, রনি তালুকদার আর লিটন কুমারের মধ্যে একজনকে বেছে নেওয়ার কাজটা একটু কঠিনই ছিল।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেন ফারুক। এই সময়ে তিনি জানান, বিশ্বকাপের দল থেকে তিন জন বাদ পড়েছেন, তাদের জায়গায় এসেছেন দুই জন।
“সফল একটা সফরের পর দল বাছাই কঠিন ছিল না। তবে উন্নতির জায়গা থাকেই। বিশ্বকাপে ১৫ জনের দল দিয়েছিলাম এখন ১৪ জনের দল দিয়েছি। একজন কমেছে আর দুই জনকে পরিবর্তন করা হয়েছে।”
বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র ৯ রান করা ইমরুল কায়েসের বাদ পড়া একরকম অনুমিতই ছিল। কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে না ওঠায় সিরিজে এনামুল হকের খেলা নিশ্চিত নয়। তাই উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী খুঁজতে হয়েছে নির্বাচকদের।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চমৎকার খেলা দুই উদ্বোধনী ব্যাটসম্যান রনি ও লিটনের মধ্যে একজনকে বেছে নিতে হয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচকদের।
ফারুক জানান, যে কোনো একজনকে বেছে নেয়ার কাজটি তাদের জন্য মোটেও সহজ ছিল না। এই দুই জনকে নিয়ে লম্বা সময় কাটাতে হয় তাদের। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকায় রনিই পেয়েছেন প্রথম সুযোগ।
“লিটনের চেয়ে রনি একটু অভিজ্ঞ। শেষ ৫/৬ বছর ধরে সে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে রনি একটু এগিয়ে আছে।”
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য লিটনকেও প্রস্তুতই মনে হয়েছে নির্বাচকদের। সামনেই কোনো এক সংস্করণে জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহককে দেখা যেতে পারে বলে জানান ফারুক।
“লিটনকে আমাদের প্রায় প্রস্তুত মনে হয়েছে। হয়ত সামনে কোনো একটা ফরম্যাটে খেলবে। ছন্দে থাকা খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ দেওয়া খুব জরুরি।”
আবুল হাসানের দলে ফেরাটা বড় একটা চমক। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান দলে এসেছেন ব্যাটিংয়েও তার পারদর্শিতার জন্য।
“আমাদের সেরা পছন্দ ছিল শফিউল (ইসলাম)। হাতে একটা অস্ত্রোপচার হওয়ায় তাকে বিবেচনা করা হয়নি। আবুল হাসান একজন অলরাউন্ডার, ব্যাটিংটাই ওকে এগিয়ে রেখেছে। বাজে ফর্মের কারণে বিবেচনা করা হয়নি আল-আমিন হোসেনকে।”
লেগ স্পিনার জুবায়ের হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথম দুই ওয়ানডের দলে সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার সম্ভাবনাও তাদের খুব কম। এই দুজনকে টেস্ট সিরিজে সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক।
“জুবায়ের প্রতিভাবান, জিম্বাবুয়ের বিপক্ষে তার স্বাক্ষর সে রেখেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে সে কার্যকর হবে বলে আমাদের মনে হয়নি।”
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে সাকিব আল হাসান ছাড়া বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার কেবল আরাফাত সানি। আসন্ন সিরিজে নাসির হোসেনের অফস্পিন কাজে লাগানোর কথা ভাবছে বাংলাদেশ।
“গত কিছু দিন ধরেই নাসির অফস্পিন খুব ভালো করছে। একজন ব্যাটসম্যান যদি ভালো বল করে তাকে আমরা সুযোগ দিতে চাই।”
ফারুক জানান, দল নির্বাচনের আগে কোচ ও অধিনায়কের পরামর্শ নিয়েছেন তারা। চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে ই-মেইলে আলোচনা হয়েছে তার। এমনকি অনুশীলন ম্যাচে কোচ কী চান, সে ব্যাপারেও কথা বলেন নির্বাচকরা।
