২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচকে ‘নির্বাচক’ করার পরিকল্পনা নেই বিসিবির

বিসিবির নির্বাচকরাই বাংলাদেশ দল নির্বাচন করবেন। কোচকে দল নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করার কোনো পরিকল্পনা এখনো বিসিবির নেই বলে জানিয়েছেন নাঈমুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 05:59 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

সেরা দল না পাওয়ার হতাশা বাংলাদেশ কোচের

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর কোচ চন্দিকা হাথুরুসিংহে সেরা দল না পাওয়ার হতাশার কথা জানিয়েছিলেন। তিনি মনে করেন, যথেষ্ট বিকল্প থাকলে বিশ্বকাপে বাংলাদেশের গল্পটা ভিন্ন হতে পারতো।

দলের পারফরম্যান্সের জন্য জবাব দিতে হয় কোচকেই। তাই দল নির্বাচনে কোচের একটা বক্তব্য থাকা উচিত বলে মনে করেন হাথুরুসিংহে। তবে বিসিবির কাছে কখনও দল নির্বাচনে তার বক্তব্য থাকার দাবি তোলেননি বলেও জানান তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর এই প্রসঙ্গে জানান, কোচ যদি দল নির্বাচন প্রক্রিয়ার অংশ হতে চান তা বিসিবিকে বা তাকে জানাতে হবে। কোচ আনুষ্ঠানিক আগ্রহ দেখানোর পর এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত কোচকে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করার কোনো পরিকল্পনা বিসিবির নেই।

হাথুরুসিংহের সেরা স্কোয়াড না পাওয়ার অভিযোগে হতাশা প্রকাশ করেন সাবেক অধিনায়ক নাঈমুর। তিনি মনে করেন, হাথুরুসিংহের বক্তব্য বিসিবি ও বোর্ড সভাপতির বিরুদ্ধে দাঁড়ায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নাঈমুর বলেন, “উনার কথাগুলো একদিক দিয়ে আচরণ বিধি লঙ্ঘন। নির্বাচকরা দল বাছাই করে ক্রিকেট পরিচালনা বিভাগকে দেয়। সেখান থেকে বোর্ড সভাপতির অনুমোদন নিয়ে সেটা প্রকাশ পায়।”

বিসিবির নির্বাচক প্যানেলে আছেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক। ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির অন্য দুই সদস্য হলেন মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।

“নির্বাচকদের কাজ তাদের করতে দিতে হবে। কোচের মতামত নিয়েই নির্বাচকরা সিদ্বান্ত নেয়। এক্ষেত্রে কোচ ও নির্বাচকদের মধ্যে মতের মিল সব সময় নাও হতে পারে। তারপরও এভাবে বলাটা ঠিক নয়।”

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর মনে করেন, খেলোয়াড়দের পক্ষে-বিপক্ষে বলাবলি হলে ক্রিকেটারদের মনে তার বিরূপ প্রভাব পড়বে।

“এটাকে আমি তার (হাথুরুসিংহের) অদক্ষতা বলবো। এভাবে কোনো কোচের বলা উচিত নয়। এটা কোনো দলের জন্য ইতিবাচক নয়। তাকে ‘চেইন অব কমান্ড’ মেনে চলার জন্য বলা হয়েছে।”