২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সমীহ হাফিজের

গত কয়েক বছর ধরে শক্তিশালী দলগুলোর সঙ্গে পার্থক্য ক্রমশ কমিয়ে আনছে বাংলাদেশ। তাই এই দলের প্রতি সমীহের কমতি নেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 10:14 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। লাহোরে এই সফরের প্রস্তুতি নিচ্ছে দলটি। গাদ্দাফি স্টেডিয়ামে হাফিজ সাংবাদিকদের জানান, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের পর আর তাদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই।

হাফিজ জানান, বিশ্বকাপে হার-জিতের চেয়েও তার কাছে বড় ব্যাপার কিভাবে নিজেদের ক্রিকেটকে তুলে ধরা হল। তিনি মনে করেন, এবারের আসরে দারুণ খেলে অনেকের মন জয় করেছে বাংলাদেশ।   

“ওদের কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা নিয়ে কখনও কোনো সন্দেহ ছিল না। কারণ, ওরা ভালো ক্রিকেট খেলেছে। দল হিসেবে ওদের আমরা খাটো করে দেখছি না। নিজেদের কন্ডিশনে ওরা খুব ভালো দল।”

২০১২ সালের শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে বাংলাদেশ। তিন ম্যাচেই ঘাম ঝরিয়ে জিততে হয় পাকিস্তানকে। ২০১২ সালের এশিয়া কাপে ২১ ও ২ রানে জেতে পাকিস্তান। আর গত বছর এশিয়া কাপে ৩ উইকেটে জেতে তারা।

“দেখে মনে হতে পারে ওদের হারানো সহজ। তবে তারা কখনোই ততটা সহজ নয়। গত দুই-তিন বছরে ওরা ভালো দলে পরিণত হয়েছে।”