২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন মাকসুদ 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সীমিত ওভারের দল থেকে ছিটকে পড়েছেন শোহেব মাকসুদ। ফের হাতে চোট পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 03:24 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বাংলাদেশ সফরের পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন ২৮ বছর বয়সী মাকসুদ। 
 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার জানায়, ১৭, ১৯ ও ২২ এপ্রিল হতে যাওয়া তিনটি ওয়ানডেতে মাকসুদের বদলে সাদ নাসিমকে দলে নেওয়া হয়েছে।
 
২৪ এপ্রিলে সফরের একমাত্র টি-টোয়েন্টির দলে আগে থেকেই ছিলেন নাসিম। তিনটি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের।
 
মঙ্গলবার থেকে লাহোরে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন মাকসুদ। কিন্তু সকালে শারীরিক অনুশীলন করার সময় বাঁ-হাতে ব্যথা অনুভব করার কথা জানান তিনি। পরে স্ক্যান রিপোর্টে তার কব্জিতে চিড় ধরা পড়ে। গত বছর পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলার সময়ও একই রকম চোট পেয়েছিলেন তিনি। ওই কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাননি তিনি।
 
ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়াও এবারের বাংলাদেশ সফরে ২টি টেস্টও খেলবে পাকিস্তান।