২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফি, রুবেলে দক্ষিণাঞ্চলের জয়

রুবেল হোসেনের বোলিং তোপের পর মাশরাফি বিন মুর্তজার বিস্ফোরক ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরে নিজেদের প্রথম জয় পেতে মধ্যাঞ্চলকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 10:11 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৩ বলে ২১৩ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের প্রথম সাত ব্যাটসম্যানের ছয় জনই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু ধীমান ঘোষ ছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।

৬১ বলে ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন ধীমান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাট থেকে।

৪২ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সেরা বোলার পেসার রুবেল। এছাড়া দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র।

জবাবে ৪৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল।

সৈকত আলীর ৫০ ও মোহাম্মদ মিঠুনের ৩৪ রানের পরও ১৪৩ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়েছিল দক্ষিণাঞ্চল। সেখান থেকে দলকে অসাধারণ এক জয় এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মাশরাফি ও রাজ্জাকের।

অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন মাশরাফি ও রাজ্জাক। মাত্র ৩৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মাশরাফি। তার অধিনায়কোচিত ইনিংসটি গড়া ৪টি চার ও ৩টি ছক্কায়। রাজ্জাক অপরাজিত থাকেন ২৮ রানে।

মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ৮ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের কাছে হারে দক্ষিণাঞ্চল। অন্য দিকে, আগের ম্যাচে উত্তরাঞ্চলের কাছে হেরেছিল মধ্যাঞ্চল।